২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে পল্লীবিদ্যুৎ কার্যালয় ঘেরাও

বিদ্যুতের অভাবে সেচের জন্য পাম্প চালানো যাচ্ছে না বলে ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

গাজীপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেছে গাজীপুরের কয়েকটি গ্রামের কৃষক। সেচের জন্য বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না অভিযোগ করে সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলায় পল্লী বিদ্যুতের চন্দ্রা আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে তারা। এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলায় বেশ কয়েকদিন ধরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চলছে। এতে উপজেলার সিনাবহ, কাচারস, রাঙ্গামাটি, তালতলী, ভাঙ্গারজাঙ্গাল, বাঁশতলী, বাগাম্বর, ভুলুয়া ও কালিয়াদহসহ ৬/৭টি গ্রামের কৃষকরা সময়মতো জমিতে সেচ দিতে পারছে না। সেচ না দেওয়ায় ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে বলেও দাবি করেন তারা। চলতি গ্রীষ্ম মৌসুমে সেচের জন্য গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর কথা জানিয়েছিল সরকার। এ জন্য শহরে লোডশেডিং বাড়বে বলেও জানানো হয়। তবে গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোয় সরকারের ঘোষণার মধ্যেই সোমবার কালিয়াকৈরে বিক্ষোভ হল। স্থানীয় কর্মকর্তারা বলছেন, তারা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। চন্দ্রা পল্লীবিদ্যুৎ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চন্দ্রা জোনাল অফিসের আওতাধীন এলাকায় প্রতিদিন ৩০ মেগাওয়াট চাহিদার বিপরীতে আমরা কবীরপুর গ্রিড থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। “তাও ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংসহ, আমরা যদি এক টানা ১৭ মেগাওয়াট বিদ্যুৎ পেতাম, তাহলেও পরিস্থিতি কিছুটা সহনীয় করা যেত,” যোগ করেন তিনি। লাঠিসোঁটা নিয়ে শতাধিক গ্রামবাসী বিক্ষোভে অংশ নেয় বলে জানান মোখলেছুর। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বলেন তিনি। কর্মকর্তারা লোডশেডিং কমাতে চেষ্টা করার আশ্বাস দিয়ে গ্রামবাসীকে শান্ত করেন। বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে গ্রাহকরা সেখানে প্রতিবাদ সভাও করে। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন আব্দুল কদ্দুস মেম্বার, আবুল কালাম আজাদ, এমদাত হোসেন, আব্দুস সামাদ, রহম আলী, নোয়াব আলী ও মেছের মিয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮৪৩ ঘ.