২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি’

একাত্তরের ২ এপ্রিল কেরানীগঞ্জে পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ হারান কয়েক হাজার নারী-পুরুষ। বেঁচে যাওয়া বাসিন্দারা আজও ভুলতে পারেননি সেই দিনের বিভীষিকা। কামাল হোসেন তালুকদারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের ২ এপ্রিলে পাকিস্তানি বাহিনীর বর্বরতার স্মৃতি আজও ভুলতে পারেননি কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুল কুদ্দুস। সেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে তার মতো কয়েকজন সৌভাগ্যবান বেঁচে গেলেও পাকিস্তানি সেনাদের গুলিতে কয়েক হাজার নারী-পুরুষ নিহত হন। সেদিন ভোরে গোলাগুলির শব্দে ঘুম ভেঙ্গেছিল বুড়িগঙ্গার ওপারের কেরানীগঞ্জবাসীর। ৪১ বছর পর রোববার কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সে দিনের কথা, তখন তার বয়স ছিলো ২৬ বছর। “গুলির শব্দে সবাই দিগি¦দিক ছুটাছুটি শুরু করেন। জীবন বাঁচাতে আমিও মান্দাইলে নিজ বাড়ি থেকে পাশের কালিন্দী গ্রামের মারুফদের বাড়ি আশ্রয় নিলাম। দেখলাম, সেখানেও ৫০-৬০ জন অচেনা যুবক জড়ো হয়েছে। কিন্তু পাক হানাদান বাহিনী সেখানেও হাজির হলো। পেছনের দরজা দিয়ে অন্যরা পালিয়ে গেলেও আমরা ১০-১২ জন ধরা পড়লাম।” ‘আন্দার মে যাকে লাইন পাকড়াও’- এ কথা বলে সবাইকে সার বেঁড়ে দাঁড় করায় সেনারা। এরপর বলা হলো, ‘তোম যো বলেগা সাচ বলেগা।’ ‘তোম লোক কিসকো ভোট দিয়া’- এ প্রশ্নে ক্দ্দুুসসহ সবাই মিথ্যার আশ্রয় নিয়ে বলে ওঠেন, ‘হারিকেন মে ভোট দিয়া’। তারা ভেবেছিল মিথ্যা কথা বললে প্রাণটা বাঁচানো যাবে। কিন্তু এ কথা শুনে এক পাক অফিসার উত্তেজিত হয়ে গুলি চালাতে চালাতে বলেন, “হারিকেন মে ভোট দিয়া তো কিস্তি (নৌকা) ক্যায়সে পাস কিয়া।” “লাইনে দাঁড়ানো সবাই এক এক করে গুলিতে লুটিয়ে পড়ছেন। আমি লাইনের শেষ প্রান্তে ছিলাম। মনে মনে ভাবলাম এই ভাবে দাঁড়িয়ে গুলি খেয়ে মরবো কেন? দিলাম দৌড়। পাক হানাদার বাহিনী আমাকে লক্ষ করে গুলি ছুঁড়লে একটা গুলি আমার ডান হাতের কনিষ্ঠায় লাগে। তবুও আমি দৌঁড়ানো বন্ধ করিনি। পরে মিটফোর্ড হাসপাতাল এক মাস ভর্তি থেকে সুস্থ হই।” কেরানীগঞ্জের মান্দাইলে নিজের মুদি দোকানে বসে সাতষট্টি বছর বয়সী কুদ্দুস মিয়া সেই দিনের স্মৃতিচারণ করলেন। তিনি জানান, ওই দিন তিনি ছাড়া লাইনে দাঁড়া করানো সবাই পাক বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। হাঁফ ছেড়ে কুদ্দুস বলেন, “মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছি।” মুক্তিযোদ্ধা সেলিম জাহাঙ্গীর টুনটুন বলেন, ২ এপ্রিল কেরানীগঞ্জে পাঁচ হাজারের বেশি নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে হত্যা করেছিলো পাক হানাদার বাহিনী। জ্বালিয়ে দিয়েছিল হাজার হাজার ঘরবাড়ি। ওই দিন তিনি তার বোন আলেয়া ও মামা সাহেদ হোসেনকে হারিয়েছেন। মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসিন মন্টু বলেন, ২ এপ্রিল ভোরে পাক সেনারা কেরানীগঞ্জে হামলা চালালে স্থানীয় যুবকরা প্রথমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু হানাদার বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের সামনে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় তারা। তিনি বলেন, পাকবাহিনী ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত নারকীয় তান্ডব চালিয়েছে। পাকবাহিনী হত্যাযজ্ঞ শেষে চলে গেলে সন্ধ্যার পর শহীদদের লাশ কালিন্দি, নেকরোজবাগ, ইমামবাড়ি, কসাইভিটা, নজরগঞ্জ ও কালীগঞ্জ কবরস্থানসহ বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়। একটি কবরে ৪০-৫০ জনকেও রাখা হয়। এমনকি ধানক্ষেতে শহীদদের মাটি চাপা দেওয়া হয়েছে বলে তিনি জানান। সেদিনের স্মরণে কেরানীগঞ্জের মনু ব্যাপারীর ঢালে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। সরকারি ও বেসরকারিভাবে প্রতি বছর এই দিনটিকে কেরানীগঞ্জবাসী গণহত্যা দিবস হিসেবে পালন করেন। দিনদি স্মরণে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা, কালো ব্যাজ ধারণ, শোক মিছিল, আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২৫৬ ঘ.