বেনাপোল, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল উপজেলায় যৌতুক নিয়ে বিবাদের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
পুটখালি ইউনিয়নের রাজগঞ্জ গ্রামে শনিবার বিকালে নিহত হন রোকসানা খাতুন (১৯)।
রোকসানার বাবা মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালে রাজগঞ্জ গ্রামের হাসান আলীর সঙ্গে রোকসানার বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য হাসান রোকসানার ওপর শারীরিক নির্যাতন করে আসছিল।
শনিবার বিকালে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রোকসানাকে মারধর করে হত্যার পর ঘরের ভেতর ঝুলিয়ে রেখে পালিয়ে যায় হাসান।
গ্রামবাসীর কাছে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হযেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24