২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বীকৃতির দিন, বিদায়েরও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনে প্রায় ১৬ হাজার ৮০০ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা জীবনের বর্ণিল সময়ের চূড়ান্ত আয়োজনে মিলিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা। শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের নেতৃত্বে কার্জন হল থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনের আনুষ্ঠানিকতা। সমাবর্তনে অংশ নিতে আসা স্নাতকদের পদচারণায় সকাল থেকেই মুখর হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে তোরণ। জিমনেসিয়াম মাঠজুড়ে বিশাল সামিয়ানা। বেলুন, ফেস্টুনসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে সমাবর্তনস্থল। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবারের সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট ছাড়াও এর অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের ১৬ হাজার ৬৭৩ জনকে স্নাতক ও স্নাতকোত্তর, ১০০ জনকে পিএইচডি এবং ৫৩ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এছাড়া মেধাবী ফলাফলের স্বীকৃতি হিসাবে ৪১ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৪৩টি স্বর্ণপদক। এবার সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল লামি। তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থী ও অতিথিসহ প্রায় ২০ হাজার লোকসমাগম হচ্ছে সমাবর্তনে। স্নাতক ও অতিথিদের উপস্থিতির দিক দিয়ে এবারই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে।” সমাবর্তনে অংশ নিতে আসা পঙ্কজ কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবর্তনে আমরা সনদ নিতে এসেছি। কিন্তু এটা আমাদের আনুষ্ঠানিক বিদায়ও বটে। ক্যাম্পাস ছেড়ে যেতে হবে ভেবে খুবই কষ্ট লাগছে।” সমাবর্তনের গাউন গায়ে সাদিয়া আবেদিন আপ্লুত কণ্ঠে বললেন, “আজ বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে নবীন বরণের কথা মনে পড়ে যাচ্ছে। সেদিন ছিল শুরু, আর আজ শেষ দিন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা এ বিশ্ববিদ্যালয়েই কাটিয়েছি।” বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবর্তনের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, এসএসএফ, র‌্যাবসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিও তৎপর রয়েছে সমাবর্তনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে রোভার স্কাউট গ্রুপ, রেঞ্জার গ্রুপ ও বিএনসিসি। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৩ সালের ২২ ফেব্র“য়ারি প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর আগে ৪৫তম সমাবর্তন হয়েছিলো ২০০৯ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১১৫০ ঘ.