ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে এক চিকিৎসক মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া বাড্ডায় সিঁড়ি থেকে নিচে পড়ে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
শুক্রবার দুপুরে ন্যাশনাল হাসপাতালের সপ্তম তলা থেকে লাফিয়ে পড়েন সিদ্দিকুর রহমান (৬৫)। তিনি ওই হাসপাতালের সাবেক চিকিৎসক।
অসুস্থতার কারণে হাসপাতালে পাঁচ তলার ৪০১৫ নম্বর কেবিনে ভর্তি ছিলেন সিদ্দিকুর। তিনি থাকতেন ১২৮/১ আজিমপুর।
সূত্রপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিদ্দিকুর নামাজের কথা বলে তার কেবিন থেকে বের হয়ে আত্মহত্যা করেন।
সিদ্দিকুরের স্ত্রী ইয়াসমিন বেগমের বরাত দিয়ে আমিনুল বলেন, “সিদ্দিকুর নানা অসুখে আক্রান্ত ছিলেন। রোগের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছেন।”
শুক্রবার দুপুরে বাড্ডার শাহজাদপুরের রিতু আক্তার (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৃতীয় তলার বাসা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় রিতু নিচে পড়ে মারাত্মক আহত হন।
ওই ভবনের তত্ত্বাবধায়ক জাকির হোসেন তাকে হাসপাতালে আনেন।
তিনি জানান, রিতু শিলবাড়ির ট্যাগ ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। তিনি মাদারীপুরের শিবচরের ওমর ফারুকের মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/০০৩২ ঘ.
bdnews24