২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন শুরু

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 06:31 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বলেছেন, চট্টগ্রামের সমস্যাগুলো সাংবাদিকরা তুলে ধরলে তা সমাধানে সরকার উদ্যোগ নেবে। চট্টগ্রাম মহানগরীতে এ সরকার আমলে যে অবকাঠামোগত উন্নয়ন চলছে তা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহায়তাও কামনা করেন তিনি। “আমাদের কাজে কোনো ঘাটতি থাকলে তা শোধরাতে আপনারা সহযোগিতা করবেন বলে আশা করি,” বলেন মন্ত্রী। সরকারের ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক দিকও তুলে আনতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, সিইউজে সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ। সভায় অবিলম্বে সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চট্টগ্রামের দুই গুণী সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন- দৈনিক আজাদীর সহকারী সম্পাদক সিদ্দিক আহমেদ এবং দি ইন্ডিপেন্ডেন্ট চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার নুরুল আমিন। সকালে উদ্বোধনের পর বিকালে অনুষ্ঠিত হয় সিইউজের সাধারণ সভা। এতে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের প্রতিবেদন পেশ করেন। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন সংগঠনের সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/০০২০ ঘ.