২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেশনজটের যাঁতাকলে ২২ হাজার শিক্ষার্থী

চট্টগ্রামের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়েই অচলাবস্থা বিরাজ করছে। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ২২ হাজার শিক্ষার্থীর ভবিষ্যত। দীর্ঘায়িত হচ্ছে শিক্ষাজীবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

তাবারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়েই অচলাবস্থা বিরাজ করছে। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ২২ হাজার শিক্ষার্থীর ভবিষ্যত। দীর্ঘায়িত হচ্ছে শিক্ষাজীবন। এর মধ্যে ৩৮ দিন বন্ধ থাকার পর খুললেও ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। আর উপাচার্য নিয়োগের দাবিতে গত ৪ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। চবিতে ছয়টি অনুষদের ৩৮টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে প্রায় ২০ হাজার শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া চুয়েটে পাঁচটি অনুষদের সাতটি বিভাগে রয়েছে দুই হাজারের বেশি শিক্ষার্থী। ৮ ফেব্র“য়ারি চবিতে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষে ছাত্রশিবিরের দুই নেতাকর্মী নিহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও ওই দিন থেকেই লাগাতার ধর্মঘট ডাকে ছাত্রশিবির। শিক্ষার্থীরা বলছেন, মূলত ছাত্রশিবিরের ধর্মঘটের কারণে ইচ্ছা সত্ত্বেও তারা ক্লাস করতে যাওয়ার সাহস পাচ্ছেন না। তাছাড়া শাহ আমানত হলও সিলগালা করে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চবি’র একাধিক শিক্ষক জানান, ছাত্রশিবিরের ধর্মঘটের কারণেই তারা ক্লাস নিতে পারছেন না। ১৮ মার্চ থেকে কিছু বিভাগে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে কয়েকটি বিভাগে ক্লাস হলেও তা নিয়মিত নয়। এদিকে প্রতিদিনই ধর্মঘট সমর্থক শিবিরকর্মীরা শ্রেণীকক্ষ তালা ঝুলিয়ে দিচ্ছে। চবি প্রক্টর সিরাজ-উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে। তবে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরতে একটু সময় লাগবে। এ জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। তবে এ পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে পারেননি তিনি। অন্যদিকে, গত ২৮ জানুয়ারি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হলে পদটি শূন্য হয়ে পড়ে। এর পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা নতুন উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছে। ৪ মার্চ থেকে শিক্ষার্থীরা শুরু করে ক্লাস বর্জন। শিক্ষকরাও একই দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে বিভিন্ন ছুটির দিনে ক্লাস পরীক্ষা নিয়ে চুয়েটকে সেশনজট মুক্ত করা হয়েছিলো। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ফলে আবার চুয়েটে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কিউএইচ/এএল/১৯৪৩ ঘ.