২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর আদালতেও সাকাপুত্রের মামলা খারিজ

গাজীপুরের কাশিমপুর কারাগারের দুই কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের মামলা আবারো খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

গাজীপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাশিমপুর কারাগারের দুই কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের মামলা আবারো খারিজ করে দিয়েছে আদালত। বাদী হুম্মান কাদের চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার জেলা জজ তানজীনা ইসমাইল মামলাটি আমলে নিয়ে বাদীর বক্তব্য শোনেন। পরে বৃহ¯পতিবার তিনি মামলাটি খারিজের আদেশ দেন। মামলায় কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর কারারক্ষক সুভাষ কুমার ঘোষ এবং উপকারারক্ষক মুশফিকুর রহমানকে আসামি করা হয়েছিলো। এর আগে একই অভিযোগে গত ২৫ মার্চ ঢাকায় এজাহার দায়ের করা হলেও বিচারক সংশ্লিষ্ট জেলা আদালতে মামলার নির্দেশনা দিয়ে তা খারিজ করে দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বাবাকে দেখতে কারাগারে গেলে এর আগেও হুম্মাম ও ফাইয়াজের কাছে উৎকোচ দাবি করেছিলেন কারা কর্মকর্তারা। গত ২৪ মার্চ টাকা না পেয়েই দুই কারা কর্মকর্তা বাদীর ভাইয়ের ওপর চড়াও হন। যখন বাদীও ঘটনাস্থলে ছিলেন। ওই দিন কারাগারে সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করতে যান দুই ছেলে। তাদের সঙ্গে মা ফরহাত কাদের চৌধুরী, চাচা সাইফুদ্দিন কাদের চৌধুরী ও জামাল উদ্দিন কাদের চৌধুরীও ছিলেন। কারারক্ষক সুভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বিরুদ্ধে ২৪ মার্চের ঘটনায় আনা অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা। সেদিন অনুমোদনহীন কিছু কাগজপত্র জব্দ করায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার স্বজনরাই জেল কর্মকর্তাদের অশালীন ভাষায় গালাগাল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২১১ ঘ.