চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত লঙ্ঘন করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে পরিবেশের ক্ষতি করায় চট্টগ্রামে কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (কেইপিজেড) পরিবেশ ছাড়পত্র বাতিল করা হয়েছে।
বেআইনিভাবে পাহাড়কাটা, জলাশয় ভরাট, প্রাকৃতিক লেকের পানি প্রবাহে বাধা, জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন, পাহাড়ি এলাকার ভূমির বৈচিত্র্য নষ্টসহ পরিবশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে এ ছাড়পত্র বাতিল করা হয়।
আনোয়ারায় অবস্থিত এ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার ছাড়পত্র বাতিলের আদেশ বৃহস্পতিবার দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
এর আগে শনিবার গভীর রাতে কর্ণফুলী থানায় পাহাড়কাটাসহ পরিবেশ ধ্বংসের অভিযোগ এনে কেইপিজেড’র তিন কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শক।
মুনীর চৌধুরী বলেন, কেইপিজেডের ছাড়পত্র বাতিল ছাড়াও ওই এলাকায় পাহাড়কাটাসহ সব ধরনের ভূমি উন্নয়ন কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর গত ২২ জানুয়ারি প্রথমবারের মতো আনোয়ারার কেইপিজেডে অভিযান চালিয়ে পাহাড়কাটার ঘটনা উদঘাটন করে তা বন্ধের নির্দেশ দেয়।
গত ২৪ মার্চ অভিযান চালিয়ে ওই এলাকায় পুনরায় পাহাড়কাটার সময় ১০টি বুলডোজার জব্দ করে অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের অভিযানে কেইপিজেড এলাকায় যে সব অনিয়ম ধরা পড়েছে তার মধ্যে রয়েছে, পরিবেশ ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে পাহাড় মোচনের পরিবর্তে পাহাড়কাটা, পাহাড় কাটার মাটি সরিয়ে প্রকল্প এলাকার বিভিন্ন স্থানে ভূমি উন্নয়ন কাজে ব্যবহার, পাহাড় মোচনের আগে কোনো ধরনের শিল্প নির্মিত হবে এবং তার জন্য কি পরিমাণ ভূমির প্রয়োজন হবে সে সব তথ্য উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরে আবেদন না করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২১২৩ ঘ.
bdnews24