২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বাসরোধ করে মাদ্রাসা ছাত্রীকে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

কিশোরগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হোসেন্দী-পূর্বপাড়া গ্রামের শামসুল হকের মেয়ে নাদিরার (১৪) লাশ বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। সে হোসেন্দী পূর্বপাড়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল। পাকুন্দিয়া থানার ওসি মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাদিরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তিনি এখনো তা নিশ্চিত নন। নিহতের বড় ভাই মো. রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাদিরা রাতে বাড়ি থেকে তিনশ’ গজ দূরে সাবেক ইউপি চেয়ারম্যান ও চাচা মরহুম এমদাদুল হকের বাড়িতে গিয়ে তার বিধবা স্ত্রীর সঙ্গে ঘুমাতো। চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার জন্য বুধবার রাত ৮টার দিকে নাদিরা তাদের বাড়ি থেকে বের হয়। তার মা মদিনা বেগম তাকে কিছুদূর এগিয়ে দিয়ে বাড়ি ফিরে আসেন। পরদিন সকালে বাড়ির লোকজন জানতে পারে যে, নাদিরা ওই রাতে চেয়ারম্যানের বাড়িতে যায়নি। পরে খোঁজাখুঁজি করে তার লাশ জঙ্গল থেকে উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০২৫ ঘ.