ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশির দশকের আলোচিত সাময়িকী ‘বিচিন্তা’র সম্পাদক মিনার মাহমুদ মারা গেছেন।
রাজধানীর ঢাকা রিজেন্সী হোটেলের একটি কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃতদেহ পাওয়া যায়।
খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেলের সপ্তমতলার ৭০২৮ নম্বর কক্ষের টেবিলের ওপর কাৎ হওয়া অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।”
বুধবার সকালে তিনি ওই হোটেলে ওঠেন জানিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
তার কক্ষে প্রায় একশটিরও বেশি রেভোট্রিল (এক ধরনের ঘুমের ওষুধ) ট্যাবলেটের খোসা পাওয়া গেছে বলে জানান ওসি।
পুলিশ কর্মকর্তা শামীম বলেন, তার কক্ষে পাঁচ পৃষ্ঠার একটি চিঠি পাওয়া গেছে যা তার স্ত্রী লাজুককে উদ্দেশ্য করে লেখা।
“এতে লেখা রয়েছে, ‘তোমার মতো আর কাউকে জীবনে পাইনি। আমি আর আমেরিকা ফিরে যাচ্ছি না। আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করছি না’।”
লাজুকের সঙ্গে বিয়ে ছিল মিনারের দ্বিতীয় দাম্পত্য জীবন। তার প্রথম দাম্পত্য কাটে বর্তমানে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের সঙ্গে।
মিনারের ভাই মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি গত ২০০৯ সালে আমেরিকা থেকে দেশে ফিরে আসেন।”
“সর্বশেষ তিনি দৈনিক প্রত্যাশার সম্পাদক ছিলেন। দুই-তিন দিন আগে সেখান থেকে পদত্যাগ করেন।”
হোটেলে পাওয়া চিঠিটি মিনারের লেখা কি না তা পরবর্তী সময়ে পুলিশ পরীক্ষা করে দেখবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবীর।
এইচ এম এরশাদের সামরিক শাসনামলে ১৯৮৭ সালের ১০ জুন মিনারের সম্পাদনায় প্রকাশ হয় সাপ্তাহিক ‘বিচিন্তা’। সামরিক শাসনবিরোধী লেখালেখির কারণে ৮৮ সালের জানুয়ারিতে তিনি গ্রেপ্তার হলে বন্ধ হয়ে যায় সাপ্তাহিকটির প্রকাশনা।
১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন হলে ১৯৯১ সালের ১০ ফেব্রুয়ারি আবারো প্রকাশ হয় ‘বিচিন্তা’। তবে সে বছরই প্রকাশনা বন্ধ করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যান মিনার। দীর্ঘ ১৮ বছর পর ২০০৯ সালে তিনি দেশে ফেরেন।
‘তিনি কোনো লাগেজ আনেননি’
রিজেন্সী হোটেলের চেয়ারম্যান কবির রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেছি হোটেলে ওঠার সময় তিনি কোনো লাগেজ আনেননি।”
পুলিশকে তিনি বলেন, বৃহস্পতিবার হোটেল ছাড়ার সময় [সকাল ১২টা] পেরিয়ে গেলেও তিনি কক্ষ ছেড়ে নেমে আসেননি।
এরপর বিকাল ৫টার দিকে তারা ওই কক্ষে গিয়ে তালা খুলে মিনার মাহমুদকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এদিকে বৃহস্পতিবার রাতে হোটেলে মিনারের ভাই মেহেদী সাংবাদিকদের বলেন, “বৃহস্পতিবার বিকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে আমরা নিশ্চিত হই তিনি নিকুঞ্জ এলাকার টাওয়ারে অবস্থান করছেন।”
বৃহস্পতিবার বিকাল ৪টায় তিনি হোটেল রিজেন্সীতে গিয়ে মিনার মাহমুদ সম্পর্কে খোঁজ করলে হোটেলের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন মেহেদী।
বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে মিনারের মোবাইল ফোন বন্ধ ছিল বলে জানান ওসি শামীম।
তিনি বলেন, “গতকাল [বুধবার] রাতে তিনি মারা যান বলে আমরা ধারণা করছি।”
হোটেল কর্মকর্তারা জানান, ওঠার পর থেকে তিনি হোটেলের রেস্টুরেন্টে যাননি বা বাইরে থেকে কেউ তাকে কোনো খাবার দিয়ে যায়নি।
চিঠির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শামীম বলেন, “চিঠিতে অন্তত তিন বার আত্মহনন না করার কথা লেখেন মিনার মাহমুদ। পরক্ষণেই আবার ‘জীবন রেখে কী লাভ’ উল্লেখ করেন। আবার তিনি লেখেন, ‘ব্যাংকে আমার মাত্র চার হাজার টাকা রয়েছে। ঢাকা শহরে জমি নেই, আমি কী করব’।”
শামীম বলেন, “এই কথা লিখে তিনি আবার আত্মহননের পক্ষে লেখেন চিঠিতে।”
এ পুলিশ কর্মকর্তা জানান, চিঠিতে তার বিবাহিত জীবন, লেখাপড়া ছাড়াও সাংবাদিকতা জীবনের হতাশার কথা উল্লেখ করেছেন।
৫০ বছর বয়সী মিনারের জন্ম ফরিদপুর শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের এই ছাত্র আশির দশকের মাঝামাঝি সাপ্তাহিক ‘বিচিত্রা’য় লেখালেখির মধ্য দিয়ে শিল্প-সংস্কৃতি-সাংবাদিকতা জগতে পা রাখেন।
আলোচিত ‘বিচিন্তা’র প্রকাশনা বন্ধ করে ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র যাওয়ার পর দীর্ঘ ১৮ বছরে তিনি একবারের জন্যও দেশে আসেননি বলে জানান তার বন্ধু মঈনুল আহসান সাবের।
২০০৯ সালে দেশে ফিরে পরের বছরের ১০ অক্টোবর থেকে মিনার আবারো ‘বিচিন্তা’র প্রকাশনা শুরু করেন; যা ছিল এ সাপ্তাহিকের তৃতীয় দফা প্রকাশ।
গত বছরের মার্চ মাসে মস্তিষ্কে বড় ধরনের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে ছিলে মিনার মাহমুদ। ওই সময় থেকেই বন্ধ হয়ে থাকে ‘বিচিন্তা’র প্রকাশ।
লাশ মর্গে
মিনার মাহমুদের মৃতদেহ রাত সাড়ে ১২টার পর হোটেল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে প্রায় সাড়ে তিন ঘণ্টা সিআইডি ক্রাইম সিন গ্র“প হোটেল কক্ষ থেকে আলামত সংগ্রহ করে।
মিনার মাহমুদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর উত্তরায় তিন নম্বর সেক্টরের বাসার কাছে মসজিদে নামাযে জানাযা শেষে উত্তরা কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/০০৩২ ঘ.
bdnews24