২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কোটি ভারতীয় রুপিসহ গ্রেপ্তার ৩

রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটের সামনে থেকে ১০ কোটি ভারতীয় রুপিসহ আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটের সামনে থেকে ১০ কোটি ভারতীয় রুপিসহ আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মো. মুরাদ হোসেন (২৪), মো. আব্দুল্লাহ আল মামুন (৪০) ও মো. ইমরান হোসেন (৪১)। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রার বড় একটি চালান আসছে-গোপনে এমন সংবাদ পেয়ে মার্কেটের কাছে অবস্থান নেয় র‌্যাব-১ এর একটি দল। রাত ২টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি কভার্ড ভ্যান পলওয়েল মার্কেটের সামনে থামে। ভ্যান থেকে চার গাইট কাপড় নামানো হয়। এসময় র‌্যারেব দলটি ওই কাপড়ের গাইটের ভেতর থেকে ১০ কোটি ভারতীয় রুপি উদ্ধার করে। গ্রেপ্তার করে মুরাদ ও মামুনকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইমরান হোসেনকে তার রামপুরার বনশ্রীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। কাপড়ের মালিক ইমরান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত চার মাসে এ চক্রটি নয় কোটি ও সাড়ে সাত কোটি রুপির আরো দুটি চালান এনেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮১৭ ঘ.