২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাপমুক্তির’ স্নানে লাখো মানুষের ঢল

সকাল ৮টা ১৯ মিনিট ৪০ সেকেন্ডে স্নানের লগ্ন শুরু হয়। পুণ্যার্থীরা ফুল, বেলপাতা ও ধান-দুর্বাসহ বিভিন্ন উপাচার নিয়ে মন্ত্র পড়ে শুরু করেন পাপমুক্তির স্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 04:17 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

মজিবুল হক পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নারায়ণগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র মহাষ্টমী স্নানোৎসব। তিথি অনুযায়ী শুক্রবার সকাল ৮টা ১৯ মিনিট ৪০ সেকেন্ডে স্নানের লগ্ন শুরু হয়। পুণ্যার্থীরা ফুল, বেলপাতা, ধান-দুর্বা, ডাব ও আমের পাতাসহ বিভিন্ন উপাচার নিয়ে মন্ত্র পড়ে শুরু করেন পাপমুক্তির স্নান। শনিবার সকাল ৯টা ১০ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত অষ্টমী স্নানের লগ্ন থাকবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পুণ্যার্থীদের ঢল নামে লাঙ্গলবন্দে। মুখরিত হয়ে ওঠে লাঙ্গলবন্দের দুই বর্গকিলোমিটার এলাকা। শুক্রবার সকালেও বাস-মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, লঞ্চ, ট্রলার ও নৌকায় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা স্নানোৎসবে আসেন। উৎসব উদযাপন কমিটি আশা করছে, এবার দুই লাখের বেশি পুণ্যার্থী এই স্নানে অংশ নেবেন। লাঙ্গলবন্দ মহাস্টমী স্নানোৎসব উদযাপন কমিটির সহ-সভাপতি প্রবীর কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাহা বলেন, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা ও তিব্বত থেকেও বিপুল সংখ্যক পুণ্যার্থী উৎসবে এসেছেন। উদযাপন কমিটির কর্মকর্তারা জানান, রাজঘাট, মহাত্মা গান্ধী ঘাট, অন্নপূর্ণা ঘাট, জয়কালী ঘাট, রক্ষাকালী ঘাট, বড় দেবেশ্বরী ঘাট, প্রেমতলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদী ঘাট, বাসনকালি ঘাট, জগদ্ববন্ধু ঘাট, কালীগঞ্জ ঘাট, মাকরী সাধুর ঘাট ও ললিত সাধুর ঘাট- এই ১৪টি ঘাটে এবার স্নান চলবে পুণ্যার্থীদের। হিমালয় থেকে লাঙ্গলবন্দ হিন্দু পুরাণ মতে, মহামুনি জন্মদগ্নির আদেশে পুত্র পরশুরাম মা রেনুকাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেন। মাকে হত্যার শাস্তি হিসাবে কুঠার তার হাতেই লেগে থাকে। অনেক তপস্যা আর হিমালয়ে ব্রহ্মপুত্রের জলে স্নান করার পর পরশুরামের পাপ মুক্ত হয়। হাত থেকে খসে পড়ে কুঠার। এরপর ব্রহ্মপুত্রের সেই পবিত্র জল মর্ত্যরে মানুষের কাছে পৌঁছে দিতে পরশুরাম তার কুঠারটিকে লাঙ্গলের মতো করে টানতে টানতে পর্বত থেকে ব্রহ্মপুত্রের ধারা নিয়ে আসেন সমভূমিতে। অনেক দিন পর নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এসে থামে তার লাঙ্গলরূপী কুঠার। ওই এলাকার নাম হয় লাঙ্গলবন্দ। উৎসব ঘিরে আয়োজন উদযাপন কমিটি জানায়, প্রতিটি ঘাটে মহিলা ও পুরুষদের জন্য আলাদাভাবে পোশাক বদলানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সেবা ক্যাম্পের মাধ্যমে পুণ্যার্থীদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে নদীর কচুরিপনা ও আগাছা। স্নানোৎসব উপলক্ষে ৭ দিনব্যাপী মেলাও শুরু হয়েছে লাঙ্গলবন্দে। বিভিন্ন অঞ্চল থেকে আসা কারুশিল্পীরা তাদের পণ্যের পসার সাজিয়ে বসেছেন এই মেলায়। এছাড়া লাঙ্গলবন্দে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিরাপত্তা স্নানোৎসবের নিরাপত্তার নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, উৎসবের নিরাপত্তা দিতে চার জন অতিরিক্ত পুলিশ সুপার, নয়জন সহকারী পুলিশ সুপার, ১৪ জন পরিদর্শক, ৩৩ জন এসআই, ২১ জন এএসআইসহ ৮ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে শতাধিক ট্রাফিক পুলিশ তৎপর থাকবেন। ছিনতাই ও পকেটমারের ঘটনা প্রতিরোধে গোয়েন্দা পুলিশের কয়েকটি দল সাদা পোশাকে মোতায়েন থাকবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৭ ঘ.