২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সিঅ্যান্ডএফ কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার

কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া ও ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে যশোরের বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

বেনাপোল (যশোর), মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া ও ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে যশোরের বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন। বুধবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন ও ট্রান্সপোর্ট মালিক সমিতির আলোচনা হয়। আলোচনায় বন্দর কর্তৃপক্ষ ২০০ কর্মচারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে বলে জানান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, সিঅ্যান্ডএফ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেন প্রমুখ। গত ২১ মার্চ বন্দরের ৪ নম্বর গেটে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ও বন্দরের নিরাপত্তাকর্মী আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে উভয় গ্র“পের ১০ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ ২০০ সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর বুধবার মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে কর্মচারী ইউনিয়ন। এদিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে জানান চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমির মামুন। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬০৯ ঘ.