চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুদ্ধের অহিংসা বাণী মনে রেখে সমাজের সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধামনন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে নন্দনকানস্থ বাংলাদেশ বৌদ্ধ সমিতি পরিচালিত চট্টগ্রাম বৌদ্ধ বিহারের পুননির্মাণ এবং সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলার মাটিতে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসের, দুর্নীতির স্থান থাকবে না। আসুন, বুদ্ধের অহিংসা বাণী মনে রেখে সমাজের সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্দর, দুর্নীতিমুক্ত এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।”
সব ধর্মের সমাধিকার প্রতিষ্ঠায় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
হিংসা নয় মৈত্রী, সংঘাত নয় শান্তি। মহামানব গৌতম বুদ্ধের এই ছিল অমৃত বাণী-উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
“বর্তমান সরকারও সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সব সাম্প্রদায়িক মনোভাব বিলোপ করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনের সমান অধিকার সুনিশ্চিত করেছে”, বলেন হাসিনা।
ফ্লাইওভারসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী সকালে চট্টগ্রামে পৌঁছান। বিকেলে পলোগ্রাউন্ড মাঠে ১৪ দলের এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন তিনি।
বাংলাদেশ বৌদ্ধ সমিতিকে উপমহাদেশের প্রাচীনতম বৌদ্ধ সংগঠন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজা বিম্বিসার, অশোক, কণিষ্ক সকলেই বৌদ্ধ ধর্ম প্রসারে কাজ করে গেছেন। বিভিন্ন শতাব্দীতে পাল ও মৌর্য বংশের রাজারা বৌদ্ধ বিহার নির্মাণ, ও সংস্কার কাজ করে গেছেন।
সরকার প্রাচীন কালে গড়ে ওঠা সেই সব বৌদ্ধ নিদর্শনগুলো সংরক্ষণ করে চলেছে বলে জানান তিনি।
ক্ষমতায় আসার পর বৌদ্ধ কল্যাণ ট্রাস্টে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
বন্দরনগরী চট্টগ্রামকে দেশের দ্বিতীয় রাজধানী উল্লেখ করে হাসিনা বলেন, “বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। একাত্তরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো।”
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্Ÿোচ্চ ধর্মগুরু সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহাসচিব আদর্শ কুমার বড়–য়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/আরএ/১৪৩৮ ঘ.
bdnews24