২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুর: তিতুমীর কলেজের ২৬ ছাত্র আটক

মহাখালীতে পর্যটন কর্পোরেশনের একটি বারে ভাংচুরের ঘটনায় তিতুমীর কলেজের অন্তত ২৬ ছাত্রকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালীতে পর্যটন কর্পোরেশনের একটি বারে ভাংচুরের ঘটনায় তিতুমীর কলেজের অন্তত ২৬ ছাত্রকে আটক করেছে পুলিশ। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম প্রথমে ৩৫ ছাত্রকে আটকের কথা বললেও পরে বলেন, “২৬ জনকে আটক করা হয়েছে।” তিনি বলেন, কী কারণে ভাংচুরের ঘটনা ঘটলো তা তারা খতিয়ে দেখছেন। মহাখালীতে ‘রুচিতা’ বারে রাত পৌনে ১১টার দিকে ওই ভাংচুর শুরু হয়। এ ঘটনায় মহাখালী আমতলী মোড় থেকে গুলশান ১ নম্বর অভিমুখে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রাত সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ভাংচুরের কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, “রুচিতা বারে টাকা-পয়সা লেনদেন নিয়ে একেবারেই ব্যক্তিগত পর্যায়ে ঘটনার সূত্রপাত হয়।” “পরে হয়তো ছেলেরা এসে যোগ দেয়।” আটকদের কারা দোষী কারা দোষী নয় তা পুলিশ যাচাই করবে জানিয়ে তিনি বলেন, “যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পরপর সেখানে পুলিশ এলেও সংখ্যায় কম থাকায় শুরুতে তারা কোনো পদক্ষেপ নেননি বলে জানান ওসি রফিকুল। ছাত্র আটক প্রসঙ্গে তিতুমীর কলেজের বিপণন বিভাগের শিক্ষক হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা ভাংচুর করেছে তারা ছাত্রাবাসে আসেনি। এখানে যারা আছে পরীক্ষার্থী।” “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ছাত্রদের আটক করেছে। কিন্তু তাদের যেভাবে মারধর করা হয়েছে তা ঠিক হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/০০৪০ ঘ.