ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণহানী না ঘটিয়ে সীমান্তে অপরাধ প্রতিরোধের পক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
তিনি বলেছেন, “অপরাধ প্রতিরোধে নিয়োজিত বাহিনীকে অত্যন্তসতর্কতার সঙ্গে প্রাণহানী না ঘটিয়ে লক্ষ পূরণে কাজ করতে হবে।”
মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা গ্রহণ করতে ঢাকা এসেছেন ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি কথা বলছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে।
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাটি দুদেশের সম্পর্কে একটি উল্লেখযোগ্য বিষয়। হত্যার ঘটনায় বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে আসছে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন।
তার দেশের কেন্দ্রীয় সরকারকে সব সময়ই ‘ভালো প্রতিবেশী’ হওয়ার পরামর্শ দিয়ে আসছেন উল্লেখ করে মানিক সরকার বলেন, “ভারতীয় নাগরিক হিসেবে আমি বাংলাদেশ সরকারকে পরামর্শ দিতে পারি না। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের ভালো প্রতিবেশী হওয়ার পদক্ষেপ নিতে আমি সবসময়ই বলে থাকি।”
টিপাইমুখ বাঁধ প্রকল্প
মনিপুর রাজ্যের টিপাইমুখ বাঁধ প্রকল্প প্রসঙ্গে জানতে চাওয়া হলেও মানিক সরকার তা ‘অন্য রাজ্যের’ বিষয় উল্লেখ করে এড়িয়ে যান।
তিনি বলেন, “এটি অন্য রাজ্যের বিষয়; সে ক্ষেত্রে আমার কথা বলা বুদ্ধিমানের কাজ হবে না। তবে পত্রপত্রিকা পড়ে আমি যুতটুকু জেনেছি টিপাইমুখ প্রকল্প নিয়ে একটি বিশেষজ্ঞ দল কাজ করছে।”
বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। শুরু থেকেই বাংলাদেশ এর বিরোধিতা করে আসছে।
তিস্তার পানি বণ্টন
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি বিষয়ে মানিক সরকার বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি হয়ে যাওয়ার কথা থাকলেও এখনো সেটি হয়নি।
“আমার যতদূর মনে পড়ে, প্রধানমন্ত্রী মনমোহন সিং এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দুঃখ প্রকাশও করেছেন।”
মানিক সরকার বলেন, “দুই দেশেরই কিছু কিছু বিষয়ে যেমন প্রাপ্তি আছে, তেমনি অপ্রাপ্তিও রয়ে গেছে। তাই বলে সফলতাকে ছোট করে দেখা ঠিক নয়। অনিষ্পন্ন বিষয়গুলো কখনোই নিষ্পত্তি হবে না, এমনটি ভাবাও বুদ্ধিমানের কাজ হবে না।”
তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গত সেপ্টেম্বরের ঢাকা সফরে একটি চুক্তি হওয়ার কথা ছিল। তবে ভারতেরই আরেক রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শেষ মুহূর্তের আপত্তির কারণে চুক্তিটি আটকে যায়।
প্রসঙ্গক্রমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মঙ্গলবারের মিট দ্য প্রেসে বলেন, পালটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির কোনো পরিকল্পনা তার সরকারের নেই।
“এ বিষয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। বাংলাদেশ যদি কেনার আগ্রহ দেখায়, তার পরই চুক্তির বিষয়টি আসবে।”
৭২৬ মেগাওয়াট উৎপাদনক্ষম পালটানা বিদ্যুৎকেন্দ্র থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে ত্রিপুরায়। তবে তাদের অংশ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির চিন্তাভাবনা রয়েছে বলে জানান মানিক সরকার।
তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আমাদের মতামত চাইলে আমরা ইতিবাচক মতামতই দেব।”
মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে সম্মাননা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে আমার খুব বেশি অবদান ছিল- এমনটি আমি মনে করি না। ত্রিপুরাবাসীর পক্ষ থেকেই আমি এই সম্মাননা গ্রহণ করেছি।”
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানিক সরকারের কোনো অবদান ছিল না- এ অভিযোগ এনে ত্রিপুরার প্রধান বিরোধী দল কংগ্রেস মানিককে এ সম্মাননা না দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মানিক সরকার বলেন, “এটি রাজনৈতিক নীচ মানসিকতার পরিচয়।”
এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি যুবনেতা ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। ত্রিপুরাবাসীর প্রতি সম্মাননা জানাতে মানিক সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সম্মাননা দিতে ১৩২ জন বিদেশি নাগরিকের যে তালিকা স¤প্রতি মন্ত্রিসভা অনুমোদন করে তাদের ১১০ জনকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে ৭৫ জন ব্যক্তি উপস্থিত হয়ে বা প্রতিনিধি পাঠিয়ে মঙ্গলবার সম্মাননা গ্রহণ করেন। এছাড়া আটটি প্রতিষ্ঠানকেও দেওয়া হয় সম্মাননা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২০৫৯ ঘ.
bdnews24