মাগুরা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় জঙ্গি সন্দেহে এক মাদ্রাসা সুপারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বালিদিয়া মাজহারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানটির সুপার সৈয়দ ফাত্তাহুল আলীমকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরী বন্দুক উদ্ধার করা হয়।
আলীম বালিদিয়া গ্রামের মাওলানা সৈয়দ শামসুল হুদার ছেলে।
মহম্মদপুর থানার ওসি ছগির মিঞা বলেন, “আলিম জেএমবি সদস্য। দীর্ঘদিন ধরে সে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত।”
মাদ্রাসা পরিচালনা পরিষদের আহ্বায়ক আবু বক্কার মিনা জানান, দীর্ঘদিন ধরে আলীমের নেতৃত্বে মাদ্রাসা কক্ষে গভীর রাতে গোপন বৈঠক হত। এ বিষয়ে একাধিকবার তাকে সতর্ক করা হয়েছিল।
আলীমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৯৩৭ ঘ.
bdnews24