ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে নিয়োগে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ৩৩তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রিলিমিনারি পরীক্ষার আগে প্রতিবন্ধী প্রার্থীদের কমিশন বরাবর আলাদা একটি আবেদন করতে হবে। এতে প্রতিবন্ধীতার প্রমাণপত্র যুক্ত থাকলে কমিশন তাদের পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে বিশেষ ব্যবস্থা করবে।”
দৃষ্টি প্রতিবন্ধী এক আইনজীবীর আবেদনে গত ২০ মার্চ ৩৩তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধীদের অংশ নেওয়ার সুযোগ দিতে পিএসসিকে নির্দেশ দেয় হাই কোর্ট।
পরীক্ষার হলে যুক্তিযুক্ত ‘অ্যাকোমোডেশন’ নিশ্চিত করে প্রতিবন্ধীদেরকে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্র“তিলেখকের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়।
বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী স্বপন চৌকিদার এবং ‘অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি)’, ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’, ‘বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’ ও ‘ন্যাশনাল কাউন্সিল অব ডিজ্যাবল্ড উইমেন (এনসিডিডব্লিউ)’ ২০১০ সালর ১৮ এপ্রিল একটি রিট আবেদন করেন।
ওই আবেদনের পর আদালত এ বিষয়ে রুল দিয়েছিল।
এর মধ্যে সরকার গত ১২ জানুয়ারি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে এক শতাংশ কোটা সংরক্ষণের জন্য বিজ্ঞপ্তি দেয়।
এরপর ২৯ ফেব্র“য়ারি চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি উল্লেখ না থাকায় স্বপন চৌকিদার নতুন আবেদন করেন।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নেছারউদ্দিন বলেন, কোনো বিসিএসের বিজ্ঞপ্তিতেই বিভিন্ন কোটার বিষয়টি উল্লেখ থাকে না। তবে নিয়োগের সময় সব ধরনের কোটা মানা হয়।
“গত ২৮, ২৯, ৩০তম বিসিএসেও সব ধরনের কোটা যথাযথভাবে মানা হয়েছে। নির্দেশনা অনুযায়ী সব বিসিএসেই কোটা মানা হবে,” বলেন তিনি।
৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় একজন প্রতিবন্ধী প্রার্থীর জন্য কমিশন বিশেষ ব্যবস্থা করেছে উল্লেখ করে নেছারউদ্দিন বলেন, ৩৩তম বিসিএসেও সব ধরনের প্রতিবন্ধী প্রার্থীরা চাহিদা মত সহকারি বা আনুষাঙ্গিক সুবিধা পাবেন।
গত ৮ মার্চ থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে ৩৩তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা দিচ্ছেন সরকারি চাকরি প্রার্থীরা। মে মাসের শেষ সপ্তাহে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৫০০ ঘ.
bdnews24