বগুড়া, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাস ও সিএসজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাংচুর করে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মোকামতলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন- অটোরিকশার চালক ইমরান হোসেন (২৫), যাত্রী বাবু (৪৬) ও পূর্ণতা (৫)। এদের সবার বাড়ি শিবগঞ্জের বিভিন্ন গ্রামে।
শিবগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি রাজশাহী থেকে রংপুর যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি যাচ্ছিল উপজেলার রহবর থেকে মোকামতলার দিকে। মোকামতলা বাজারের কাছে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
অটোরিকশা চালক ইমরান বগুড়া শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালে মোরশেদা (১৮), জেরিন (২৬), সিরাজুল (৪৫) ও রেজাউল (৩৫) নামে আরো চার ভর্তি আছেন বলে জানান ওসি।
এ ঘটনার পরপরই এলাকাবাসী রাস্থায় নেমে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কের উভয়পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশের (পশ্চিমাঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে আশ্বাস দিলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মোরশেদা জানান, অটোরিকশায় চড়ে তারা সাত যাত্রী মোকামতলা যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি আসার পর একটি বাস বিপরীত দিক থেকে সিএনজিটিকে চাপা দেয়।
এরপর কী হয়েছে মোরশেদা তা বলতে পারেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪০০ ঘ.
bdnews24