২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদ হবে কেবল দুই ছিটমহলে

ভারতের ভেতর ৫১টি ছিটমহলের মধ্যে শুধু আঙ্গরপোতা ও দহগ্রামে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 03:15 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ভেতর ৫১টি ছিটমহলের মধ্যে শুধু আঙ্গরপোতা ও দহগ্রামে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার জাবেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিটমহলে হালনাগাদের তথ্য সংগ্রহে ভারতীয় হাইকমিশনের অনুমতি আদায় করতে শিগগিরই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। সবকটি ছিটমহলে ভোটার তালিকা করা সম্ভব হবে কি না- তা নিয়ে সংশয় রয়েছে। তবে অন্তত দুটিতে হালনাগাদ হবে আশা করছি।” এ জন্য ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আঙ্গরপোতা ও দহগ্রামের ভোটার তালিকা ওই সময়ের মধ্যে সম্পন্ন করবো আমরা।” গত ১০ মার্চ সারাদেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু হয়। এর আগে গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহলে গিয়ে সেখানকার অধিবাসীদের সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দেন। ইসি কর্মকর্তারা জানান, গত নির্বাচন কমিশনের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ৫১টি ছিটমহলের মধ্যে কেবল আঙ্গরপোতা ও দহগ্রামেই কিছু ভোটারের নাম তালিকায় ওঠানো হয়েছিল। তখন পাশের ইউনিয়নে গিয়ে তালিকাভুক্ত হন ৫ হাজারের কিছু বেশি ভোটার। তারা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পেরেছেন। ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের কথা রয়েছে। পরবর্তীতে ভূমি রেকর্ড ও জরিপ পর্যালোচনা করে সংবিধানের নবম সংশোধনীর আলোকে বিষয়টির সুরাহা হওয়ার কথা। ভারতের ভেতর বাংলাদেশের ৫১টি ছিটমহলের আয়তন ৭ হাজার ১১০ একর এবং বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৫৮ একর। ভোটার হালনাগাদের তথ্য জানাবে ইসি এবার কারা ভোটার হতে পারবেন- মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে তা সবাইকে জানানোর উদ্যোগ নিয়েছে ইসি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন ধরনের প্রচারণার পাশাপাশি ভোটারদের উদ্বুদ্ধ করতেই মোবাইল ফোনে এসএমএস দেওয়া হচ্ছে। এতে বলা হচ্ছে, ১৯৯৫ সালের ১ জানুয়ারি অথবা আগে যাদের জš§ হয়েছে- কেবল তারাই এবার ভোটার হতে পারবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/জেকে/২১০৪ ঘ.