২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘না এলে মুক্তিযুদ্ধের উপলব্ধি অপূর্ণ থাকত’

এখানে না এলে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক উপলব্ধিই অপূর্ণ থেকে যেত- সামরিক জাদুঘর ঘুরে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখানে না এলে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক উপলব্ধিই অপূর্ণ থেকে যেত- সামরিক জাদুঘর ঘুরে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন হোসেন। সোমবার রাজধানীর বিজয় সরণীতে সামরিক জাদুঘরে টাচস্ক্রিন কম্পিউটার টিপে টিপে মুক্তিযুদ্ধের বিভিন্ন ‘প্রামাণ্যচিত্র’ তন্ময় হয়ে দেখছিলেন ইমন। প্রামাণ্যচিত্রের পাশাপাশি এই জাদুঘরে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে এমন ধরনের অনেক সমরাস্ত্র। রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত কয়েকটি ট্যাংকও। জাদুঘরের নিচতলার রয়েছে ‘ইতিহাস দর্পণ’ গ্যালারিতে অত্যাধুনিক টাচস্ত্রিন কম্পিউটারে মুক্তিযুদ্ধের ইতিহাসের বর্ণনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র। এখানেই রয়েছে ঐতিহাসিক যুদ্ধাস্ত্র ও সমরযান নিয়ে একটি উন্মুক্ত গ্যালারি, যেখানে শোভা পাচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ব্যবহৃত গাড়ি। স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত কামান ও বিভিন্ন যুদ্ধযানও এখানে প্রদর্শন করা হয়েছে। আর দোতলায় দুটি হল ঘরের আটটি গ্যালারিতে আছে ‘অস্ত্রশস্ত্র’ নামের প্রাচীন যুগের বিভিন্ন সমরাস্ত্র। কুঠার, বর্শা, ঢাল, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র রয়েছে এই গ্যালারিতে। এছাড়া দেশি-বিদেশি নানা আকারের বন্দুক, রাইফেল, স্টেনগান, গ্রেনেডসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম রয়েছে এখানে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রবাল চক্রবর্তী জাদুঘরে আসেন ছেলে রেইনল রাতুল চক্রবর্তীকে নিয়ে। যুদ্ধাস্ত্রগুলো দেখিয়ে ছেলেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রবাল বলেন, “বিশেষ দিনের সুযোগেই ছেলেকে নিয়ে বেড়াতে এসেছি। আয়োজনটা বেশ ভালো লেগেছে।” যুদ্ধাস্ত্রের পাশাপাপশি এই জাদুঘরে বাংলাদেশের ইতিহাস আরো বিশদভাদে জানার সুযোগ থাকলে ভালো হতে বলে মন্তব্য করেন তিনি। সামরিক বাহিনীর পোশাক ও পদক নামের একটি গ্যালারিতে ঢুকলেই চোখে পড়ে সেনাবাহিনীর বিভিন্ন পদবির সদস্যদের পোশাক ও তিন বাহিনীর ব্যবহৃত র‌্যাঙ্ক, ক্যাপ, ব্যাজ প্রভৃতি। সাবেক সেনা প্রধানদের তৈলচিত্রও দেখা যায় এখানে। এছাড়াও জাদুঘরের ‘মুক্তিযুদ্ধ’ গ্যালারিতে আছে মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডারদের তৈলচিত্র। ‘বিজয়’ গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলের অনুলিপি ও বীরশ্রেষ্ঠদের তৈলচিত্র। দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে জানার সুবিধার্থে জাদুঘরের গ্রন্থাগারের বইগুলো পড়তে পারেন যে কেউই। সম্পূর্ণ জাদুঘর ঘুরে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাদুঘরে এসে আমাদের মুক্তিযোদ্ধা এবং সেনা সদস্যদের জন্য গর্ববোধ হচ্ছে। ইতিহাসকে স্মরণীয় করে রাখার উদ্যোগটি প্রশংসনীয়।” জাদুঘরের অফিস একাউন্টেন্ট মো. মমতাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশেষ দিনগুলোতে অনেক দর্শনার্থী জাদুঘরে আসেন। জাদুঘরের গ্রন্থাগার ব্যবহার করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও বীরত্বগাথাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন বলে জানান তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে জাদুঘরের ‘ইতিহাস দর্পণ’ কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের ব্যাবস্থা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সামরিক বাহিনীর ইতিহাস-ঐতিহ্যকে সংরক্ষণের জন্য ১৯৮৭ সালে ঢাকার মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে স্থাপিত হয় সামরিক জাদুঘর। পরবর্তীতে জাদুঘরের গুরুত্ব এবং দর্শকের চাহিদা বিবেচনায় নিয়ে ১৯৯৮ সালে বিজয় সরণিতে স্থানান্তর করা হয় এই জাদুঘরটি। কোনো টিকেট ছাড়াই সবাই জাদুঘর ঘুরে দেখতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/পিডি/২৩২০ ঘ.