২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযুদ্ধের ছবিগুলো দেখে খারাপ লেগেছে’

^াধীনতা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখে অন্যান্য বিষয় ভালো লাগলেও মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার চিত্র দেখে ভালো লাগেনি বলে জানিয়েছেন পঞ্চম শ্রেণীর ছাত্র সিয়াম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখে অন্যান্য বিষয় ভালো লাগলেও মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার চিত্র দেখে ভালো লাগেনি বলে জানিয়েছেন পঞ্চম শ্রেণীর ছাত্র সিয়াম। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম হত্যাকাণ্ডের ওই ছবিগুলো দেখে খুব কষ্ট লেগেছে বলে জানান রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্র সিয়াম। মায়ের সঙ্গে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ জাদুঘর দেখে তিনি বলেন, “জাদুঘর ভাল লেগেছে। তবে যুদ্ধের ছবিগুলো দেখে খারাপ লেগেছে। এগুলো খুব কষ্টদায়ক।” আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী মালিহা এবং তার ছোটো ভাই ম্যাপললীফ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ডিয়ালও এদিন মা আফারোজা আক্তারের সঙ্গে আসেন মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখতে। জাদুঘর দেখার প্রতিক্রিয়ায় মালিহা বলেন, “জাদুঘরে না আসলে জানতেই পারতাম না যে এখানে আমাদের মুক্তিযুদ্ধের এতো কিছু আছে।” অবশ্য এ জাদুঘরের পরিসর আরো বাড়ানো প্রয়োজন বলে মনে করেন মা আফরোজা আক্তার। তিনি বলেন, “জাদুঘর আরো বড় হলে দর্শনার্থীদের সুবিধা হতো।” শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাতে সরকারের আরো নানামুখী উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন আরেক অভিভাবক সিদ্দিকুর রহমান। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সিদ্দিকুর বলেন, “এজন্য মুক্তিয্দ্ধুভিত্তিক ছবিগুলো বিনামূল্যে দেখানো যেতে পারে, ভিডিওগ্রাফির মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ অন্যান্য ভিডিওচিত্রগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে।” এ ক্ষেত্রে বিদেশি জাদুঘরগুলোর কাজের ধারা অনুসরণ করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, “শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে আরো বেশি প্রচার প্রয়োজন। স্কুলগুলোতে প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে। বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক বই দেওয়া যেতে পারে।” বিনিয়োগ কর্পোরেশনের সহকারী মহাব্যাবস্থাপক আমিনুল কাদের খান তার দুই মেয়েকে নিয়ে জাদুঘরে আসেন। তিনি বলেন, “১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত যে রাজনৈতিক বিবর্তন তা শিশুদের জন্য উপযোগী করে আরো স্পষ্ট আকারে তুলে ধরা উচিত।” ক্ষোভ অন্যান্য দিনের মতো স্বাধীনতা দিবসেও সন্ধ্যা ৬টার মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দর্শনার্থী। পরিবারের সদস্যদের নিয়ে আসা ব্যবসায়ী আলী আসগর ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “আজ স্বাধীনতা দিবস। অন্তত আজকের দিনে আরো দুই ঘণ্টা জাদুঘর খোলা রাখা উচিত।” একই কথা বলেন বেসরকারী ব্যাঙ্ক কর্মকর্তা আনিসুর রহমান, আতিকুল ইসলামসহ অনেকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/২২১৬ ঘ.