ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে রোববার নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।
নিহতর নাম মোহাম্মদ মাসুদ বলে সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিশ্চিত করেন তার মা আছিয়া বেগম।
মাসুদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবপুরের দ্বিতীয় খণ্ডে। তিন ভাই দুই বোনের মধ্যে মাসুদ ছিলেন দ্বিতীয়। তার বাবার নাম দাদন মিয়া।
রোববার সন্ধ্যায় মিরপুরের চিড়িয়াখানা রোডের রাইনখোলা ঢালে ‘সেতু বহুমুখী সমিতির’ সামনে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাসুদ আহত হন। রাত ১০টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় দুজন পুলিশ সদস্যও আহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আছিয়া বেগম সাংবাদিকদের জানান, মাসুদ পল্লবী-গুলিস্তান রুটের ইটিসি বাসের চালকের সহকারী ছিলেন।
রোববার সন্ধ্যায় এক ব্যক্তি মাসুদকে মধ্য মণিপুরের বাসা থেকে ডেকে নেয় বলে জানান তিনি।
আছিয়া বেগম বলেন, “তার বড় ছেলে আসাদ ঝুটের ব্যবসা করত। এ ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আসাদকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আসাদ এখনও জেলে রয়েছে।”
মায়ের দাবি, ওই প্রতিপক্ষ গ্র“পই পুলিশ দিয়ে তার দ্বিতীয় ছেলে মাসুদকে খুন করেছে। মাসুদের নামে থানায় কোনো নেই বলে তিনি জানান।
রোববার পুলিশ তার পরিচয় জানাতে পারেনি। গুলি বিনিময়ের ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়।
নিহতের মায়ের অভিযোগ অস্বীকার করে শাহআলী থানার ওসি আনিসুর রহমান বলেন, “সন্ত্রাসীদের গুলিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম ও মশিউর রহমান আহত হন। তারা দুজন বর্তমানে পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/২১৪৬ ঘ.
bdnews24