ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বঙ্গোপসাগরের অধিকার নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের জন্যই অপেক্ষা করবে তার দেশ।
সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ভারতীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এম এম পাল্লাম রাজুর মধ্যে এক বৈঠকের পর হাই কমিশনার সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ও ভারত এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেছে। আর যে প্রক্রিয়ায় বিষয়টি এগোচ্ছে, তাতে আমরা সন্তষ্ট।
এর আগে চলতি মাসের শুরুতে পরারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পঙ্কজ শরণ জানিয়েছিলেন- এ নিয়ে আপস মীমাংসার প্রস্তাব এলে ভারত তাতে রাজি হতে পারে।
তাকে উদ্ধৃত করে সে সময় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা সম্ভব বলেই ভারত সরকার মনে করে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতীয় হাই কমিশনার বলেন, গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে এসেছে।
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চলতি মাসেই বঙ্গোপসাগরের অধিকার নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের মামলার রায় দিয়েছে, যাতে ১ লাখ ১১ হাজার বর্গ কিলোমিটার এলাকা অধিকারে পেয়েছে বাংলাদেশ। ২০১৪ সাল নাগাদ ভারতের সঙ্গে মামলার রায় হবে বলে ধারণা করা হচ্ছে।
এম এম পাল্লাম রাজু সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের জন্য সন্ত্রাসবাদ একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তবে এই মুহূর্তে এ অঞ্চলের অর্থনৈতিক সমন্বয় আরো বেশি গুরুত্বপূর্ণ।
গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের পর থেকে প্রতিবেশী এ দুই দেশের মধ্যে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেই মনে করেন তিনি।
“কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। তবে আগামী দিনগুলোতে অনেকগুলোরই মীমাংসা হয়ে যাবে”, আশা প্রকাশ করেন রাজু।
মিত্র বাহিনীর পক্ষে বাংলাদেশ সরকারের স্বাধীনতা সম্মাননা নিতে ঢাকায় এসেছেন ভারতীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনসহ ১৩২ বিদেশি বন্ধুকে এবার এ সম্মাননা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা পদক বিতরণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৮৩৬ ঘ.
bdnews24