ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে শিল্পাঞ্চল থানা এলাকায় গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান র্যাংগসের গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে লিংক রোডের এই গুদামে লাগা আগুনের কারণ জানা যায়নি। গুদামে গাড়ির যন্ত্রাংশ রাখা হত।
শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক জানান, গুদামের একটি মাত্র গেট থাকার কারণে মালামাল বের করা সম্ভব না হওয়ায় প্রায় সব মালামালই পুড়ে গেছে।
বিকাল সাড়ে ৪টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। র্যাংগস ভবনের শো রুমের পেছনেই তিনতলা সমপরিমাণ উঁচু এই গুদামে গাড়ির যন্ত্রাংশ ছাড়াও কাগজপত্র ছিল।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার কারণ এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৭৪৮ ঘ.
bdnews24