ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ মার্চের হরতাল প্রত্যাহারে বিএনপি চেয়ারপার্সনকে অনুরোধ করেছে লাঙ্গলবন্দ পূণ্যস্নান উদযাপন কমিটি।
রোববার রাতে পূণ্যস্নান উদযাপন কমিটির একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এই অনুরোধ জানায়। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “দেশনেত্রী তাদের আবেদন বিবেচনা করবেন বলে নেতাদের আশ্বস্ত করেছেন।”
২৯ মার্চের হরতাল কর্মসূচির বিষয়ে শরিকদের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
নাঙ্গলবন্দ পূণ্যস্নান উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রাত ১০টা ১০মিনিটে খালেদা জিয়া চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দলের সদস্য পরিতোষ কান্তি সাহা সাংবাদিকদের বলেন, “বিরোধীদলীয় নেতার কাছে আমরা একটি আবেদন জানিয়ে এসেছি। তিনি সুবিবেচনা করবেন বলে আমাদের জানিয়েছেন।”
তিনি জানান, নাঙ্গলবন্দ পূণ্যস্নান ৩০ মার্চ থেকে শুরু হবে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্থান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্তরা অংশ নেন।
সেজন্য ২৯ মার্চ বিএনপির হরতাল থাকায় এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের আগমনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে খালেদা জিয়া ২৯ মার্চ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। মহাসমাবেশে বাধা প্রদান, হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল দেওয়া হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুন্ড ও নাঙ্গলবন্দ পূণ্যস্নান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২২৪৩ ঘ.
bdnews24