২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনির্দিষ্ট অভিযুক্তদেরই বিচার হচ্ছে: কামরুল

ধর্মীয় নেতা নয়, সুনির্দিষ্ট অভিযুক্তদেরই যুদ্ধাপরাধের বিচারের আওতায় আনা হয়েছে এবং হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় নেতা নয়, সুনির্দিষ্ট অভিযুক্তদেরই যুদ্ধাপরাধের বিচারের আওতায় আনা হয়েছে এবং হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানে বোরবার এক সমাবেশে কামরুল বলেন, “কোনো ধর্মীয় নেতা নয়, স্পেসিফিক অভিযোগ আছে এমন ব্যক্তিদেরই যুদ্ধপরাধের বিচারের আওতায় আনা হয়েছে এবং আনা হবে।” শিখা চিরন্তনের সামনে ‘যুদ্ধাপরাধমুক্ত বাংলাদেশ চাই, বাঙালি জাতিকে কলঙ্ক মুক্ত করতে চাই’ শীর্ষক এই সমাবেশ আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে কামরুল বলেন, “বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন- ‘সরকার যুদ্ধপরাধীদের বিচারের নামে ধর্মীয় নেতাদের হয়রানি করছে।’ এটা আসলে উপদেষ্টার কথা নয়, বিরোধীদলীয় নেত্রীর কথা। ধর্মের দোহাই দিয়ে তারা মানুষের সেন্টিমেন্টে আঘাত করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।” বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি তারানা হালিম প্রমুখ। বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মহিউদ্দিন খান আলমগীর বলেন, “আজ যারা যুদ্ধপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চাইছে তারা বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার রাখে না। যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে তারাও সমান অপরাধী। একদিন তাদেরও বিচারের আওতায় আনা হবে।” তারানা হালিম বলেন, “এক বালতি দুর্নীতি, এক মুঠো মিথ্যা এবং এক চিমটি জামায়াত দিয়ে ওরস্যালাইনের মতো বিএনপি গঠিত। সুতরাং তারা যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেবে এটাই স্বাভাবিক।” সমাবেশ শেষে শিখা চিরন্তনের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.