চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে নিহতদের প্রদীপ জ্বালিয়ে স্মরণ করেছে চট্টগ্রামের কয়েকটি সংগঠন।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে নিহতদের স্মরণ করে বাংলাদেশ যুব ইউনিয়ন ও প্রজন্ম ৭১ চট্টগ্রাম শাখার নেতাকর্মীরা।
এ সময় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উভয় সংগঠনের নেতারা অবিলম্বে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান।
প্রদীপ প্রজ্বলন কর্মসূচি থেকে বক্তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, কমিউনিস্ট পার্টি কোতয়ালী থানার সভাপতি অশোক সাহা, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি আরিফ উল্লাহ হাই, সহ-সভাপতি কাকলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, অ্যাডভোকেট অসীম দাশ, প্রজন্ম ৭১ এর নেতা সলিল চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪০ ঘ.
bdnews24