বরিশাল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ হেফাজতে গুলি রাখার অপরাধে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন হাওলাদার (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের ফকরউদ্দিন ওরফে ফকু হাওলাদারের ছেলে।
রোববার বরিশাল বিশেষ ট্রাইবুন্যালের বিচারক দিলিপ কুমার ভৌমিক দণ্ডপ্রাপ্তের উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়- ২০১০ সালের ৮ এপ্রিল বাকেরগঞ্জ থানা পুলিশ ভবানীপুর গ্রামের সমীর হাওলাদারের বাড়ির পাশে অভিযান চালায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে জাকিরকে আটক করে পুলিশ। তার কাছ থেকে তিন রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বাদি হয়ে মামলা করেন। তদন্ত শেশে জাকিরের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৪৯ ঘ.
bdnews24