২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিআরটিএ’র দুর্নীতি নিয়ে গণশুনানি

সিলেট বিআরটিএ কার্যালয়ের দুর্নীতি ও অনিয়ম বিষয়ে গণশুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

সিলেট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিআরটিএ কার্যালয়ের দুর্নীতি ও অনিয়ম বিষয়ে গণশুনানি হয়েছে। রোববার দুপুরে সিলেট সার্কিট হাউজে এ শুনানি অনুষ্ঠিত হয়। গত ১ মার্চ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সিলেট বিআরটিএ কার্যালয় পরিদর্শন করেন। ওই সময় তিনি গাড়ির রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে আসা লোকজনের নানা অভিযোগ শোনেন। ভুক্তভোগীরা বিআরটিএ কার্যালয়ে টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ করলে মন্ত্রীর উদ্যোগে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবু জাহেরকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সংসদ সদস্য আবু জাহের সাংবাদিকদের জানান, ২৪ জন অভিযোগকারী গণশুনানিতে এসে বক্তব্য দিলেও প্রকৃত অভিযোগকারীরা কেউই আসেননি। “আমরা যে লক্ষ্য নিয়ে এখানে শুনানির আয়োজন করেছিলাম, তা বাস্তবায়ন হয়নি। তাই পুনরায় শুনানি হবে,” বলেন তিনি। প্রচারের অভাব গণশুনানি সফল না হওয়ার কারণ বলে মনে করেন আবু জাহের। শুনানিতে অভিযোগকারীরা বিআরটিএ অফিসে দালালের মাধ্যমে উৎকোচ নেওয়ার কথা তুলে ধরেন বলে জানিয়েছেন আবু জাহের। এছাড়া বিআরটিএ অফিসে লোকবলের অভাবের কথাও তুলে ধরা হয়। অভিযোগকারী আকতার হোসেন রাজু জানান, তিনি ১১ মাস বিআরটিএ অফিসে ঘুরে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন। গণশুনানিতে তদন্ত কমিটির আহবায়ক ছাড়াও ছিলেন সদস্য সংসদ সদস্য ইমরান আহমদ, শফিকুর রহমান চৌধুরী ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (্এডিএম) শহিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.