২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল গেইট এলাকায় স্কুলশিক্ষার্থী বহনকারী একটি বাসের চাপায় মোটর সাইকলে আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল গেইট এলাকায় স্কুলশিক্ষার্থী বহনকারী একটি বাসের চাপায় মোটর সাইকলে আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসটি রোববার বেলা পৌনে ১২টার দিকে মোটর সাইকেল আরোহী দীপংকর দাশকে (২২) চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দীপকংরকে মৃত ঘোষণা করেন। দীপংকর বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল গেইট ক্যাম্পাসের এলএলবি তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ফেনী জেলার দারোগাহাট ইউনিয়নের পালগিরি গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে। নগরীর হামজারবাগ এলাকায় থাকতেন তিনি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত দীপংকরকে বেলা ১২টার দিকে হাসপাতালে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পরপরই বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে ব্যারিকেড দেয় এবং একটি বাস ভাংচুর করে। কয়েক দফায় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে নিতে ব্যর্থ হয়। পরে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগনেতা আ জ ম নাছির উদ্দিন, ক্যান্টনম্যান্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর বিকাল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে ব্যারিকেড তুলে নিলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বায়েজিদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসের চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে নগরীর আরাকান সড়কের সিঅ্যান্ডবি মোড় এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধের কারণে গাড়ি চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল। বিক্ষুব্ধ শ্রমিকরা তখন ছয়টি যানবাহনও ভাংচুর করে। সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত এম আর জান গার্মেন্টসের শ্রমিকরা এ অবরোধ দেয়। চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে তাদের বহনকারী বাসের চালক ও হেলপারের ঝগড়াকে কেন্দ্র করে শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। পরে তাদের তুলে দেওয়া হয়। অবরোধের সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে অফিসমুখী লোকজন ব্যাপক বিড়ন্বনার শিকার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮১৯ ঘ.