ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন অভিনেতা তৌকির আহমেদ।
রোববার সকালে ঢাকার যুগ্ম জজ আদালতে মামলাটি করেন তৌকির। তার সঙ্গে বাদী হয়েছেন স্ত্রী অভিনেত্রী বিপাশা হায়াতও।
পরে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মহসিনুল হক মামলাটি চলবে কিনা- এ ব্যাপারে গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন রাখেন।
গত ১৯ মার্চ এই শিল্পী দম্পতির বিরুদ্ধে তৌকিরের বোন সুইডেনপ্রবাসী তানজিন হায়দার অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করেছেন, যে মামলায় দুজনকে আগামী ৪ এপ্রিল তলব করেছে আদালত।
মামলা দায়েরের আগে তৌকির ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তার বোনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তাই তিনি একটি মানহানির মামলা করতে যাচ্ছেন।
মামলায় মানহানির অভিযোগ এনে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে তৌকির-বিপাশার আইনজীবী ব্যারিস্টার ওমর সাদত সাংবাদিকদের জানান।
সুইডেনপ্রবাসী তানজিনের মামলায় বলা হয়, গাজীপুরের রাজেন্দ্রপুরে ‘নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’ করার জন্য তৌকির ও বিপাশার সঙ্গে মিলে তারা একটি কোম্পানি গঠন করেন। এ কোম্পানির চেয়ারম্যান হন তানজিনের স্বামী সৈয়দ আলী হায়দার, আর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন তৌকির।
তানজিনের দাবি, এই রিসোর্ট নির্মাণের জন্য তিনি ও সৈয়দ আলী হায়দার মিলে নগদ ১৫ লাখ টাকা এবং ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৭৭ হাজার ৪২২ ডলার তৌকিরকে হস্তান্তর করেন। এ জন্য তিনি টাঙ্গাইলে পৈত্রিক সম্পত্তিও বিক্রি করেন।
কিন্তু তৌকির ও বিপাশা ওই অর্থ দিয়ে ‘প্রতারণামূলকভাবে’ নিজেদের নামে জমি কিনে নক্ষত্রবাড়ি রিসোর্ট গড়েন বলে তানজিনের অভিযোগ।
তবে পাল্টা মামলায় তৌকির বলেছেন, তিনি বোনের কাছ থেকে যে টাকা নিয়েছিলেন, তা পুরোপুরিই পরিশোধ করেছেন। এখন নক্ষত্রবাড়ি রিসোর্টে যে বিনিয়োগ রয়েছে তা তার নিজের পুঁজি ও ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা।
অবশ্য এ ধরনের মানহানি মামলা টেকার বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী শামিউল করিম আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ মামলা নাও টিকতে পারে। কারণ এই দম্পতির বিরুদ্ধে আগেই একটি প্রতারণা মামলা রয়েছে। ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ধরনের মামলা গ্রহণের নজির নেই।”
তৌকির ও বিপাশা দুজনেই উনিশ শ’ নব্বইয়ের দশকে টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় অভিনয় শিল্পী।
অভিনেতা আবুল হায়াতের মেয়ে বিপাশা আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ‘জয়যাত্রা’ নির্মাণ করে তৌকির আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৪ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এএল/১৬৫১ ঘ.
bdnews24