চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ের সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়া দুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরসরাইয়ের হাইতকান্দি গ্রামের সূর্য মোহন জলদাসের ছেলে নারায়ণ চন্দ্র জলদাস (৩৫) এবং একই গ্রামের নিরঞ্জন জলদাসের ছেলে ভোলা জলদাস (৪০)।
আহতদের স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাহাত সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজামপুর এলাকা থেকে বারৈয়ার হাট যাবার পথে নয়া দুরিয়ায় চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
হতাহতরা সিএনজি অটোরিকশার যাত্রী উল্লেখ করে তিনি বলেন, ট্রাক আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৩৫ ঘ.
bdnews24