গাজীপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাংচুর চালায়।
শনিবার দুুপুরে উপজেলার পূর্ব চান্দরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত মো. রায়হান সরকার (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শেখেরহাট এলাকার ইয়াহিয়া সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে মৌচাক এলাকায় থাকতেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি মাটিভর্তি ট্রাক পেছন দিক থেকে রায়হানের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এরপর চালক ট্রাকটি রেখে পালিয়ে গেলে এলাকাবাসী তাতে ভাংচুর চালায়।
নিহতের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭০৪ ঘ.
bdnews24