ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সমর্থিত ইকুয়েটর পুরস্কার পেয়েছে বাংলাদেশের একটি সহ বিভিন্ন দেশের ২৫টি প্রকল্প। স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে উদ্যোগের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
জাতিসংঘের সংবাদ কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়েছে, বন্যপ্রাণীর অভয়ারণ্য বিষয়ক প্রকল্প থেকে শুরু করে ব্রাজিলের ভেষজ উদ্ভিদের খামার, মরক্কোর ভূমি ও পানি সংরক্ষণ প্রকল্প এবং ইথিওপিয়ায় গাছ লাগানোর কর্মসূচিসহ ২৫টি প্রকল্প এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরস্কার পাওয়া বাংলাদেশের প্রকল্পটির নাম চুনতি কো-ম্যানেজমেন্ট কমিটি।
জাতিসংঘ ও কয়েকটি দেশের সহযোগিতায় ইকুয়েটর ইনিশিয়েটিভ নামের একটি সংস্থা জীববৈচিত্রের টেকসই ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য দূর করার বিভিন্ন উদ্যোগকে এ পুরস্কার দেয়।
এবারের পুরস্কারের জন্য গত বৃহস্পতিবার আফ্রিকা, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ১১৩টি দেশের ৮১২টি প্রকল্প থেকে এই ২৫টি প্রকল্প বেছে নেওয়া হয়।
আগামী জুনে ব্রাজিলে টেকসই উন্নয়নের ওপর জাতিসংঘের সম্মেলনে (রিও+২০) বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৫২৭ ঘ.
bdnews24