২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো চারটি হাট ত্রিপুরা সীমান্তে

পশ্চিম ত্রিপুরার কসবা, উত্তর ত্রিপুরার রাঘনা ও কমলপুর এবং দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরে এই হাটগুলো বসানোর বিষয়ে দুই দেশের মতৈক্যের কথা জানালেন রাজ্যের বাণিজ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

আগরতলা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের পর এবার ত্রিপুরা রাজ্য সংলগ্ন সীমান্তে চালু হতে যাচ্ছে চারটি সীমান্ত হাট। এই রাজ্যের সীমান্তে নতুন চারটি হাট বসানোর বিষয়ে ভারত ও বাংলাদেশ সরকার সম্মত হয়েছে বলে ত্রিপুরার এক মন্ত্রী জানিয়েছেন। শুক্রবার ত্রিপুরার রাজ্য সরকারের বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, “ত্রিপুরা সীমান্তে আরো চারটি হাট বসানোর ব্যাপারে ভারতের প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ সরকার।” ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে নতুন চারটি সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত এসেছে মন্তব্য করে তিনি বলেন, “কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে ত্রিপুরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।” প্রস্তাবিত এ হাটগুলো পশ্চিম ত্রিপুরার কসবা, উত্তর ত্রিপুরার রাঘনা ও কমলপুর এবং দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরে বসবে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বর্তমানে সাতটি স্থল বন্দর রয়েছে যেগুলোর চারটি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি হয়। চলতি অর্থবছরে এ বন্দরগুলো দিয়ে প্রায় তিনশ’ কোটি রুপির পণ্য যাওয়া-আসা করেছে। জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা সীমান্তে সাতটি হাট চালু করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও চারটির অনুমোদন মিলেছে। সীমান্তে আরো হাট চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জিতেন্দ্র বলেন, সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে স্থাপিত এই হাটে দুই দেশের মানুষ কৃষিপণ্য, শাকসব্জি, মাছ ও শুটকি, মসলা, হাঁস-মুরগি ও ডিম, দুধ, আসবাবপত্র, তাঁতের কাপড়, বাঁশ ও বেতের সামগ্রীসহ বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবেন। সপ্তাহে এক বা দুইবার বসবে এই হাট। বেচাকেনা চলবে দুই দেশের মুদ্রাতেই। এজন্য কোনো শুল্ক বা কর প্রযোজ্য হবে না। তবে একজন সর্বোচ্চ ৫০ ডলার সমপরিমাণ টাকার পণ্য কিনতে পারবেন বলে ত্রিপুরা রাজ্য সরকারের কর্মকর্তারা জানান। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সীমান্তে হাট চালুর বিষয়ে মতৈক্য হয় দুই দেশের মধ্যে। পরে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে সময় বলা হয়েছিল, সীমান্ত হাট দিয়ে দুই দেশের মধ্যে বছরে ২ কোটি ডলারের ব্যবসা সম্ভব। তবে কুড়িগ্রামের বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের মাঝে কালাইরচর সীমান্তের ‘জিরো পয়েন্টে’ চালু হওয়া প্রথম সীমান্ত হাট তেমন একটা সাড়া ফেলতে পারেনি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারতের মন্ত্রী আনন্দ শর্মা গত বছর ২৩ জুলাই ওই হাটের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭৩০ ঘ.