ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে একটি পলিথিন কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল পৌনে ৩টার দিকে নিমতলীর মাজেদ সর্দার রোডে ‘এস এম টেলিকম’ নামে ওই পলিথিন কারখানায় আগুন লাগে। চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
মিজানুর রহমান বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় কারখানায় কয়েকজন শ্রমিক থাকলেও কেউ আহত হননি।”
কারখানার মালিক মামুনুর রশিদের দাবি, আগুনে তার প্রায় চল্লিশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ওই ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচতলা ভবনের নিচতলায় পলিথিন কারখানা। আর ওপরের চারটি তলায় লোকজন থাকে।
তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে বাড়ির বাসিন্দারা দৌঁড়ে নিচে নেমে আসেন।
নিমতলীর যে গলিতে এই পলিথিন কারখানা, তার কাছেই আরেকটি গলিতে একটি রাসায়নিকের গুদাম থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ২০১০ সালের ৩ জুন। ওই ঘটনায় মোট ১২৬ জনের প্রাণহানী ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭১২ ঘ.
bdnews24