চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকিট কালোবাজারি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপককে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে টিকিট কিনতে আসা এক দল ব্যক্তি।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। পরে র্যাবের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের সঙ্গে রেল কর্মকর্তাদের আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হয়।
বিক্ষোভকারী টিকিট প্রার্থীদের একজন কালোবাজারি ও অব্যবস্থাপনার বিষয়ে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধুলী এক্সপ্রেসের টিকিট শেষ বলে কাউন্টার থেকে ঘোষণা দিলে লাইনে দাঁড়ানো সবাই বিক্ষোভ শুরু করে।
আগামী সোমবারের টিকিট নেওয়ার জন্য শুক্রবার সকালে লাইনে দাঁড়িয়েছিলেন বিক্ষোভকারীরা।
এ বিষয়ে চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোধুলীর ১১১টি শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিট চট্টগ্রাম স্টেশন থেকে বিক্রি করা হয়। চাহিদার তুলনায় এ সংখ্যা খুব কম হওয়ায় সবাই তা পান না।
বিক্ষোভকারীরা জানায়, সকাল ৯টা ১০ মিনিটে ২৬ মার্চের মহানগর গোধূলী ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিট বিক্রি শুরু হয়। ৯টা ২০ মিনিটেই কাউন্টার থেকে জানানো হয়, টিকিট শেষ।
এরপর লাইনে দাঁড়ানো টিকিটপ্রার্থীরা ক্ষুব্ধ হয়ে কাউন্টার থেকে টিকিট বিক্রির তালিকা নিয়ে নেয় এবং স্টেশন ব্যবস্থাপক শামসুল আলমের কক্ষ ঘেরাও করে।
টিকিট কিনতে আসা আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, “সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল ৯টা ১০ মিনিটে টিকিট বিক্রি শুরু হয়। অথচ বিক্রির লিস্টে দেখানো হয়েছে ৯টা ১ মিনিট থেকে। এটা কীভাবে সম্ভব!”
“১০ মিনিটেই সব টিকিট বিক্রি অসম্ভব। টিকিট কালোবাজারির সঙ্গে রেল কর্মকর্তা-কর্মচারীদের যোগসূত্র থাকতে পারে। এজন্য আমরা প্রতিবাদ করেছি,” বলেন নাজমুল হুদা নামে এক জন।
টিকিট না থাকার বিষয়ে জানতে চাইলে কাউন্টারে দায়িত্বরতরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে বলেও তার অভিযোগ।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে র্যাব, স্টেশনে থাকা রেল কর্মকর্তা, রেল পুলিশ ও সাধারণ যাত্রীরা আলোচনায় বসেন।
র্যাব-৭ এর কর্মকর্তা এএসপি নুরুল হুদা সাংবাদিকদের বলেন, যাত্রীদের অভিযোগ কিছু টিকিট চুরি হয়ে গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ায় পর ক্ষোভ প্রকাশ স্বাভাবিক। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ তদন্ত করবে।
যাত্রীদের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে স্টেশন ব্যবস্থাপক শামসুল আলম বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০০৬ ঘ.
bdnews24