২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনে মৃত্যু: জেলসুপার, জেলার, ওসির বিরুদ্ধে মামলা

পিটিয়ে আসামিকে হত্যার অভিযোগে নওগাঁ জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট, জেলার, সদর থানার ওসিসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

নওগাঁ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিটিয়ে আসামিকে হত্যার অভিযোগে নওগাঁ জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট, জেলার, সদর থানার ওসিসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। নওগাঁর বিচার বিভাগীয় হাকিম মো. আব্দুল বাছেদ বুলু মিয়ার আদালতে বুধবার মামলাটি দায়ের করেন বদলগাছি উপজেলার দক্ষিণকান্দা এলাকার বাসিন্দা নিহত আব্দুল বারিক দুলু’র স্ত্রী মোছাম্মৎ আফরোজা বেগম। বিচারক এ সংক্রান্ত কোনো অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে কিনা তার একটি প্রতিবেদন দাখিল করার জন্য সদর থানাকে নির্দেশ দিয়েছেন। আগামী ১৩মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, দক্ষিণকান্দার আব্দুল বারিক দুলু’র বিরুদ্ধে ঢাকা মহানগরের শাহবাগ থানায় একটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও বাড়ির মালামাল ক্রোকের আদেশ হয়। এই আদেশ অভিযুক্তের স্থায়ী ঠিকানা বদলগাছি থানায় পাঠানো হয়। বদলগাছি থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম এবং এএসআই রবিউল ইসলাম গ্রেপ্তার ও মালামাল ক্রোক না করার শর্তে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন আসামির কাছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর পাঁচ হাজার টাকা ঘুষ নেন। এরপর আগামী ২ মাসের মধ্যে আসামিকে গ্রেপ্তার করবে না এবং বাড়ির মালামাল ক্রোক করবে না বলে আরো ৫০ হাজার টাকা দাবি করেন। তখন ২০ হাজার টাকা দিয়ে আসামির স্ত্রী আফরোজা বেগম আর টাকা দেওয়ার ক্ষমতা নেই বলে জানালে ওই কর্মকর্তার নেতৃত্বে গত ২০ ডিসেম্বর দুলুকে গ্রেপ্তার করা হয়। মামলায় আরো অভিযোগ করা হয়, থানা হেফাজতে ওই থানার তৎকালীন ওসি মো. মাহফুজুল হক, সেকেন্ড অফিসার এস আই রফিকুল ইসলাম, এস আই তৌহিদুল আলম, এস আই মো. কারিবুল ইসলাম, সিপাহী আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন অপরিচিত পুলিশ সদস্য রাতভর তাকে ইলেট্রিক শক, লাথি, ঘুষি, লাঠি দিয়ে পেটানোসহ নানাভাবে নির্যাতন চালায়। মুমূর্ষু অবস্থায় তাকে জেল হাজতে পাঠানো হয়। অবস্থার আরো অবনতি হলে ২২ ডিসেম্বর পায়ে ডান্ডাবেড়ি, হাতে হাতকড়া এবং কোমরে মোটা রশি বেঁধে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.