চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের গতিতে তিনি সন্তুষ্ট নন।
মঙ্গলবার রাতে নগরীর লালদীঘির মাঠে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আইন মন্ত্রণালয় ও ট্রাইবুন্যালের বিচারকদের বলতে চাই- এটা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল, জজ কোর্ট নয়। এ তালে বিচার চলে না।’
১০ দিনব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য।
যুদ্ধাপরাধীদের বিচারে অতিসত্বর আরো কয়েকটি ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, “১৯৭৩ সালের ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুসারে বিচার করলে এতদিনে অনেক যুদ্ধাপরাধীর বিচার হয়ে যেত।”
“আমরা চাই যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হোক।”
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম মঙ্গলবারই বলেছেন, বিচার ত্বরান্বিত করতে শিগগিরই আরো একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে।
স্বাধীনতা মেলার আলোচনায় ঢাকা-চট্টগ্রাম রুটে আরো একটি ‘তূর্ণা নিশীথা’ ট্রেন এ সরকারের মেয়াদে চালুর প্রতিশ্র“তিও দেন সুরঞ্জিত।
প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ঢাকা-লাকসাম কর্ড লাইন চালু হলে মাত্র তিন ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসা যাবে।
“বিত্তবানরা এগিয়ে এলে এ প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে করা যেতে পারে।”
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপন পরিষদ আয়োজিত মেলাটি উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা এবং বিএনপির দুই নেতা আটক রয়েছেন। এদের মধ্যে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৩২ ঘ.
bdnews24