২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিহীন উপজাতিদের জমি বরাদ্দের সুপারিশ

পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য এলাকায় ভূমিহীন উপজাতিদের দুই একর জমি বরাদ্দের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য এলাকায় ভূমিহীন উপজাতিদের দুই একর জমি বরাদ্দের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্ব বৈঠকে শিক্ষকের অভাবে পার্বত্য এলাকায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে উল্লেখ করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পদায়নের সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়। পার্বত্য স্থানীয় প্রশাসনের অনুমোদন ব্যতিত তিন পার্বত্য জেলার কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক বদলি না করারও সুপারিশ করা হয় বৈঠকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গি তৎপরতা সম্পর্কে আলোচনা হয়। “বৈঠকে পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে অপরাধ বেশি সংঘটিত হওয়ায় এসব এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।” পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের চি‎িহ্নত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এছাড়া বৈঠকে পার্বত্য চট্রগ্রাম এলাকায় কর্মরত সমাজসেবা, সমবায়, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং এনজিও ব্যুরো কর্তৃক বাতিলকৃত বা কালোতালিকাভুক্ত এনজিওর তালিকা কমিটিতে উপস্থাপন করা হয়। বৈঠকে পার্বত্য এলাকায় সরকারি সেবাদান নিশ্চিত করতে ওই এলাকার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিপুল সংখ্যক শূন্য পদে লোকবল পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বীর বাহাদুর উশৈ শিং, এ বি এম ফজলে করিম চৌধুরী, এথিন রাখাইন, যতীন্দ্র লাল ত্রিপুরা এবং গিয়াস উদ্দিন আহমেদ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯০০ ঘ.