মাগুরা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরের একটি বাড়ি থেকে ফরমালিন মেশানো চিংড়িসহ চারজনকে আটক করা হয়েছে।
রোববার মধ্যরাতে শহরের পারনান্দুয়ালীর লিটন বেপারির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। এসময় সেখান থেকে মাছের ওজন বৃদ্ধির বিশেষ উপকরণও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- লিটন ব্যাপারী (২২), মানিক মিয়া (২৫), সেলিম হোসেন (১৮) ও রাসেল (১৮)।
সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী সাংবাদিকদের জানান, চিংড়ি মাছে ফরমালিন মেশানো এবং ওজন বৃদ্ধির জন্য সিরিঞ্জের মাধ্যমে আটা জাতীয় উপকরণ ঢোকানোর সময় তাদের আটক করা হয়।
পরে মাছগুলো জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে ফরমালিন মিশানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৬ ঘ.
bdnews24