২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাসজমির দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ নোয়াখালীতে

চরের খাসজমি অবৈধ দখলমুক্ত করে ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবিতে বিক্ষোভ করেছে নোয়াখালীর উপকূলীয় এলাকার ভূমিহীনরা। এ সময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

নোয়াখালী, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরের খাসজমি অবৈধ দখলমুক্ত করে ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবিতে বিক্ষোভ করেছে নোয়াখালীর উপকূলীয় এলাকার ভূমিহীনরা। এ সময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানও করে। রোববার সকাল ৯টা থেকে কয়েক’শ ভূমিহীন নারী-পুরুষ ও শিশু মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। দুপর ১টা পর্যন্ত সেখানে তারা অবস্থান ও বিক্ষোভ করে। এরপর তারা জেলা প্রশাসকের কাছে গিয়ে দাবির কথা জানান। অবস্থান চলাকালে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক মজিবুল হক, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাফর উল্লা বাহার, কৃষক সমিতি নেতা মাইন উদ্দিন লেলিন প্রমুখ। বক্তারা প্রকৃত ভূমিহীনদের মাঝে জমি বন্টনের ক্ষেত্রে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতায় ক্ষোভ প্রকাশ করেন। তারা জোতদার, লাঠিয়াল ও শিল্প মালিকদের কাছ থেকে অবিলম্বে চরের খাসজমি অবৈধ দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের কাছে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। এ দাবি আদায়ে আগামী ৩০ মার্চ নোয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ আহবান করেন তারা। এরপরও দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৭ ঘ.