২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনকারী দুই শিক্ষককে তলব হাই কোর্টে

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 07:48 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে তলব করেছে হাই কোর্ট। রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। আদেশে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান ও ক্রীড়া শিক্ষক মো. সালাউদ্দিনকে আগামী ২২ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই দিনের মধ্যে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়া এক শিক্ষার্থীর বিষয়ে প্রতিবেদন দিতেও ওই স্বাস্থ্য কেন্দ্রের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী নির্যাতনের জন্য কেন জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে না- এই রুল জারি করেছে আদালত। জেলা পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা ও ওই দুই শিক্ষককে এর জবাব দিতে হবে। গত ১৫ মার্চ দৈনিক প্রথম আলোতে ‘শিক্ষকের প্রহারে ছাত্র হাসপাতালে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার ফাতেমা এস চৌধুরী। ফাতেমা এস চৌধুরী বলেন, ২০১০ সালে জারি করা এক পরিপত্র অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। স্কুল ড্রেস না পরে আসায় কোনো শিক্ষক শিক্ষার্থীদের পেটাতে পারেন না। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ধুল্যা বিএম উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. সালাউদ্দিনের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (স্কুল ড্রেস) না পরার কারণে তাদের অমানবিকভাবে পেটানো হয়। গত ১৪ মার্চের ওই ঘটনায় বেত্রাঘাতের শিকারদের মধ্যে দশম শ্রেণীর ছাত্র মো. জুলহাস মিয়া অচেতন হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসা দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৪০ ঘ.