ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়া হলে তার পরিণতি শুভ হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন আহমেদ।
হত্যাকারী চিহ্নিত এবং গ্রেপ্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার সাংবাদিক মহাসমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
গত ১ মার্চ প্রতীকী অনশনের পর এই মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ঢাকাসহ সারাদেশ থেকে সাংবাদিকরা অংশ নিচ্ছেন।
সকাল সাড়ে ১০টায় সমাবেশ শুরু হওয়ার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। সমাবেশস্থলের চার পাশে বেশ কয়েকটি ক্যামেরা বসিয়েছে পুলিশ।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ বলেন, “তদন্ত নিয়ে যা করা হচ্ছে, তা ন্যক্কারজনক। এত উদাসীন দৃষ্টিভঙ্গী অতীতে দেখিনি।”
হত্যাকাণ্ড ধামাচাপার চেষ্টা হলে তা রুখে দাঁড়ানো হবে, বলেন তিনি।
সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই কর্মসূচি ডেকেছে।
সমাবেশে রিয়াজউদ্দিনের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা বক্তব্য রাখেন।
সাগর-রুনির হত্যাকারী চিহ্নিত ও গ্রেপ্তার দাবিতে গত ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতির কর্মসূচিও করে সাংবাদিকরা।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
মাস গড়ালেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ‘মনগড়া’ কোনো প্রতিবেদন না প্রকাশের কথা বলেছে হাই কোর্ট। এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এর সমালোচনা করে আসছেন সাংবাদিক নেতারা।
তদন্তে সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে পুলিশকে কোনো বক্তব্য না দিতেও বলেছে হাই কোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১২৪০ ঘ.
bdnews24