ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরিবদের জীবনমানের উন্নয়নের জন্য বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রোটারি ইন্টারন্যাশনালের এক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে সারাদেশ থেকে রোটারি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।
রোটারি ইন্টারন্যাশনালের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করছি, আপনারা আপনাদের আয় থেকে গরিবদের কল্যাণে আরো বেশি অর্থ ব্যয় করবেন।
“দেশের সব পুরানো শিক্ষা প্রতিষ্ঠান, জমিদার ও সম্পদশালী ব্যক্তিদের উৎসাহ ও অর্থে গড়ে ওঠেছিল। দাতব্য চিকিৎসালয়, পাঠাগার, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা সবই হয়েছে দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায়,” বলেন তিনি।
দুস্থ ও গরিব মানুষের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার বিধবা, বয়স্ক, দুস্থ মহিলা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে। প্রতি বছরই এ ভাতাভোগীদের সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস চালু রাখাসহ ভিজিএফ, ভিজিডি, টেস্ট রিলিফ ও কর্মসৃজন কর্মসূচির কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি জানান, সরকারের গৃহীত নানা কর্মসূচির ফলে তিন বছরে দারিদ্র্যের হার ১০ শতাংশ কমেছে।
সমাজসেবায় রোটারিয়ানদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রতিটি মহৎ কাজ অন্যদের জন্য উৎসাহব্যঞ্জক এবং জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি প্রচেষ্টায় যথেষ্ট সহায়ক।
এ আর ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮০ এর গভর্নর আবুল হাসনাত মো. জাকের, সাবেক সেনাপ্রধান ও রোটারিয়ান হারুন-অর রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩১৩ ঘ.
bdnews24