২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের অভিনন্দন প্রধানমন্ত্রী-বিরোধী নেতার

এশিয়া কাপে ভারতকে হারানো বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপে ভারতকে হারানো বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বলেছেন, “এই জয় প্রমাণ করে সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।” শুক্রবার এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলায় ভারতকে পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ। এশিয়া কাপে এটাই বাংলাদেশের কাছে ভারতের প্রথম হার। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ হাসিনা বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী ছুটির দিনে এই খেলা টেলিভিশনে দেখেন বলে তার বিশেষ সহকারী জানান। শাকিল বলেন, “খেলার দেখার সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের জয় এবং শচীন টেন্ডুলকারের শততম শতকের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন।” ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দল তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তিনি আশা করছেন। বিএনপির চেয়াপারসনের বিবৃতিতে বলা হয়, “এশিয়া কাপে বাংলাদেশ দল তাদের সর্বোচ্চ ক্রীড়া নৈপুণ্য দিয়ে প্রতিপক্ষ ভারতকে পরাজিত করে দেশের মুখ উজ্জ্বল করেছে।” বিরোধীদলীয় নেতা খেলোয়াড়দের সুস্বাস্থ্য কামনা করেছেন বলেও জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমআই/২২৪১ ঘ.