চাঁদপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় জাটকা রক্ষা কার্যক্রম চলাকালে গত ১৫ দিনে চাঁদপুরে পৌনে ১৬ কোটি টাকার মালামাল আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া ১ থেকে ১৫ মার্চের মধ্যে পরিচালিত ৩১টি অভিযানে ১৮ জনকে আটক করা হয় বলেও কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ২৮ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং আট হাজার ৯২০ কেজি ইলিশ, ১৮ টন অপরিশোধিত চিনিসহ কয়েকটি মালবাহী জলযান আটক করা হয়।
আটক এসব মালামালের মূল্য ১৫ কোটি ৮২ লাখ ৪৬ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক ১৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু’মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। এরমধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত রয়েছে ৬০ কিলোমিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24