ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের মতো সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধের ক্ষেত্রে জাতিসংঘ সালিশ আদালতের রায়ও বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধে জার্মানির হামবুর্গের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অব দি সির (আইটিএলওএস) রায়কে বাংলাদেশের জন্য ‘মহাঅর্জন’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।
জার্মানির হামবুর্গের সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বুধবার যে রায় দেয়, তাতে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহীসোপানের বাইরের সামুদ্রিক সম্পদেও বাংলাদেশের অধিকার সুনিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীতে দুটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই রায়ের বিষয়ে কথা বলেন।
গণভবনে দুপুরে খুলনা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “কালকে (বুধবার) একটা মহাঅর্জন করতে সক্ষম হয়েছি। এটা জনগণের ভাগ্য যে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।”
এর আগে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষিবিদ ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধের ক্ষেত্রেও একই ফল আশা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আপনারা সবাই দোয়া করেন। ২০১৪ সালে এই রায় হবে।”
গণভবনের অনুষ্ঠানে শেখ হাসিনা আরো বলেন, “আমরা সমুদ্রসীমার অধিকার ফিরে পেয়েছি। যা চেয়েছিলাম, তার চেয়ে বেশি পেয়েছি। ১ লাখ ১১ হাজার বর্গ কিলোমিটার এলাকা পেয়েছি।”
“এখানে খনিজ সম্পদ আমাদের। আমরা এখন অবাধ যাতায়াত করতে পারব,” যোগ করেন তিনি।
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচনার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “৭৫ এর পর যারা ক্ষমতায় ছিল, তারা সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকারের পক্ষে কোনো পদক্ষেপ নেয়নি। ৯৬-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার এ বিষয়ে পদক্ষেপ নেয়।”
“বিএনপি ক্ষমতায় আসে লুটপাট করতে, দেশ নিয়ে তাদের কোনো চিন্তা নেই,” এই প্রসঙ্গে বিরোধী দলের সমালোচনাও করেন আওয়ামী লীগ সভানেত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৫৩ ঘ.
bdnews24